অপরিশোধিত জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে ওপেক ও ওপেক প্লাস জোটের সঙ্গে করা চুক্তি অনুযায়ী উত্তোলন কমিয়ে আনতে কুয়েত পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ। জ্বালানি পণ্যটির মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনের চেয়ে কম উত্তোলন করতেও প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী খালেদ আল ফাদহেল। খবর অয়েলপ্রাইস ডটকম।
বৈশ্বিক অর্থনীতির শ্লথগতির আশঙ্কায় জ্বালানি পণ্যটির দরপতনের আশঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি। এ অবস্থায় বাজারের মন্দা ভাব কাটিয়ে তুলতে চলতি বছরের দ্বিতীয়ার্ধে জ্বালানি পণ্যটির উত্তোলন কমিয়ে চাহিদা বাড়াতে চায় কুয়েত।
জ্বালানি তেলের বাজারে যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ এবং বাজার নিয়ন্ত্রণে রফতানিকারক দেশের জোট ওপেক ও ওপেকবহির্ভূত দেশগুলোকে নিয়ে জোট গঠন করা হয়। চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত দিনে ১২ লাখ ব্যারেল উত্তোলন কমিয়ে আনতে চুক্তিবদ্ধ হয় জোটটি। এ সময় পার হওয়ার পর উত্তোলন কমিয়ে আনার নতুন চুক্তি করেছে ওপেক ও ওপেক প্লাস জোট।










