জাপান ও অস্ট্রেলিয়াসহ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাজ্য। এর মাধ্যমে কম্প্রেহেনসিভ অ্যান্ড প্রগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (সিপিটিপিপি) নামের ট্রেড ক্লাবের ৫০ কোটি মানুষের বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছে দেশটি। খবর বিবিসি।

২০১৮ সালে প্রতিষ্ঠার পর প্রথম কোনো নতুন দেশ হিসেবে যুক্ত হলো যুক্তরাজ্য। এ চুক্তিতে অংশ নিতে এরই মধ্যে আবেদন করেছে চীন ও তাইওয়ান।

আজ রোববার (১৬ জুলাই) নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সিপিটিপিপি কমিশন সভায় চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাজ্য।

এ সময় যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী কেমি ব্যাডেনোচ জানান, তার দেশ সিপিটিপিপির প্রথম নতুন সদস্য হতে পেরে আনন্দিত। এ চুক্তিকে ‘আধুনিক ও উচ্চাভিলাষী’ উল্লেখ করে জানান, সদস্যপদ প্রমাণ করে যে ব্যবসার জন্য যুক্তরাজ্যের দরজা উন্মুক্ত।

এই বাণিজ্য চুক্তিতে প্রতিষ্ঠালগ্নে স্বাক্ষরকারী হলো অস্ট্রেলিয়া, ব্রুনাই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনামসহ ১১টি দেশ।

২০২০ সালে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়ার পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট বাণিজ্য বাধা এই চুক্তির মাধ্যমে হ্রাস পাবে।

চীন-তাইওয়ান ছাড়াও ইউক্রেন, কোস্টারিকা, উরুগুয়ে ও ইকুয়েডর সিপিটিপিপিতে যোগ দেয়ার জন্য আবেদন করেছে।