আইবিসিএফের নির্বাহী কমিটি এবং টাস্ক কমিটির যৌথসভা থেকে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি এ আহ্বান জানানো হয়।

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসির (এআইবি) প্রধান কার্যালয়ের বোর্ড রুমে বৃহস্পতিবার এ সভার আয়োজন করা হয়। এতে ফোরাম ও এআইবির চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভাপতিত্ব করেন।

আইবিসিএফ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সভায় উপস্থিত সদস‍্যরা ইসলামী ব‍্যাংকের সাম্প্রতিক ‘অস্থিরতা’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় প্রতিষ্ঠানটিতে এ ধরনের সমস্যা চলতে থাকলে তা সামগ্রিক ব‍্যাংক খাত বিশেষ করে ইসলামী ব‍্যাংকিংয়ের মতো বিকাশমান ও সম্ভাবনাময় খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

সভায় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এ সমস‍্যার দ্রুত সমাধান এবং ব‍্যাংক খাতে পেশাদারত্ব ও সুশাসন নিশ্চিতের লক্ষ‍্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্যও ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ ব‍্যাংকের প্রতি আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়। এছাড়া দেশের ইসলামিক ব্যাংক খাতের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আইবিসিএফ।

সভায় সদস্য ব্যাংকগুলোর মধ্যে শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ উদ্দীন আহমেদ; ইসলামী ব্যাংকের এমডি (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন; এআইবির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফাত উল্লা খান; এক্সিম ব্যাংকের প্রশাসক মো. শওকাতুল আলম; ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার; ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম; স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. সিদ্দিকুর রহমান এবং প্রাইম ব্যাংকের এএমডি এম নাজিম এ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কেএম মনিরুল আলম আল মামুন; গ্লোবাল ইসলামী ব্যাংকের সহযোগী প্রশাসক মো. কাউসার পাঠান, আইবিসিএফের অনারারি সচিব নূরুল ইসলাম খলিফা; এআইবির কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এবং আইবিসিএফের সহকারী সচিব জাহাঙ্গীর আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইসলামী ধারার ব‍্যাংকগুলোর বিনিয়োগ হিসাবের ওপর দীর্ঘদিন ধরে চলা দ্বৈত শুল্ক সমস‍্যা বিরাজমান ছিল, যা নিরসনে আইবিসিএফ দীর্ঘদিন যাবত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল। অবশেষে সমস‍্যাটির বাস্তবতা উপলব্ধি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি দ্বৈত শুল্কের অবসান ঘটিয়েছে। এজন্য সভায় ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্টদের আন্তরিক ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।