বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাবে লকডাউনসহ নানা বিধিনিষেধ চলছে। এ পরিস্থিতিতে দেশে দেশে পণ্য রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। তবে প্রতিবন্ধকতা সত্ত্বেও ইউক্রেন চলতি বিপণন মৌসুমের প্রথম দুই মাস নিরবচ্ছিন্নভাবে খাদ্যশস্য রফতানির সিদ্ধান্ত নিয়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম ও রয়টার্স।
মন্ত্রণালয় সূত্র জানায়, রফতানির ধারা অব্যাহত রাখতে দেশটির কৃষি মন্ত্রণালয় ও ফার্ম অ্যাসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। গত বিপণন মৌসুমে মহামারীর প্রভাবে রফতানি সীমিত করেছিল ইউক্রেন। এ সময় ১ কোটি ৭৫ লাখ টন গম ও ২ কোটি ৪০ লাখ টন ভুট্টা রফতানির সীমা নির্ধারণ করে দেয়া হয়। মূলত দেশীয় বাজারে সরবরাহ অব্যাহত রাখতে এ সিদ্ধান্ত নিয়েছিল দেশটির সরকার।
তবে চলতি বছর দেশটিতে মহামারীসংক্রান্ত সংকট কমতে শুরু করায় রফতানি বৃদ্ধিতে মনোযোগ বাড়াচ্ছে নীতিনির্ধারকরা। চলতি মৌসুমে ইউক্রেন ৭ কোটি ৬০ লাখ টন খাদ্যশস্য উৎপাদনের প্রাক্কলন করেছে, যা রেকর্ড সর্বোচ্চ। উৎপাদনে এমন প্রবৃদ্ধি রফতানি খাতে নতুন আশার সঞ্চার করেছে। তবে কৃষিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে ইনফর্ম জানায়, ভয়াবহ খরার কারণে এ বছর চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটির শস্য উৎপাদন খাত।
২০২০-২১ মৌসুমে ইউক্রেন ৬ কোটি ৫০ লাখ টন খাদ্যশস্য উৎপাদন করে। এর মধ্যে বিশ্ববাজারে সরবরাহ করা হয় ৪ কোটি ৪৬ লাখ টন। সে হিসাবে এর আগের মৌসুমের তুলনায় রফতানি কমেছে ২২ শতাংশ।










