স্থলবন্দরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও আমদানি-রফতানি কার্যক্রম গতিশীল করতে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (চলতি দায়িত্ব) (নিরীক্ষা,
আধুনিকায়ন ও আন্তর্জাতিক চুক্তি) ও শিল্প সচিব জাকিয়া সুলতানা।
গতকাল সকালে তিনি হিলি স্থলবন্দর পরিদর্শনে আসেন। এ সময় তার সঙ্গে রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদীসহ কাস্টমসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথমেই তিনি হিলি স্থল শুল্কস্টেশনের কর্মকর্তাদের জন্য কোয়ার্টার নির্মাণের জন্য ক্রয়কৃত জায়গা পরিদর্শন করেন। এর পরে তিনি বন্দরের পণ্য প্রবেশপথ সীমান্তের শূন্যরেখা, কাস্টমসের ব্যাগেজ কার্যক্রম ও কাস্টমসের জরাজীর্ণ গুদাম পরিদর্শন করেন।
এরপর শিল্প সচিব হিলি স্থল শুল্ক স্টেশন কার্যালয় পরিদর্শনে এলে হিলি স্থল শুল্কস্টেশনের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাকে বন্দরের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন ও কাস্টমসের কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়। সব শেষে শিল্প সচিব হিলি স্থল শুল্কস্টেশনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।










