করোনা মহামারীর প্রভাব কাটিয়ে প্রবৃদ্ধির ধারায় ফিরছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থনীতি। এরই ধারাবাহিকতায় অঞ্চলটির গম উৎপাদন চাঙ্গা হয়ে উঠছে। আগামী মৌসুমে ইইউভুক্ত দেশগুলোর গম উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ইউরোপিয়ান কমিশন। খবর রয়টার্স।
ইউরোপিয়ান কমিশনের প্রাক্কলন অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে ইইউ অঞ্চলে ১২ কোটি ৬২ লাখ টন গম উৎপাদন হবে। আগের মাসে করা প্রাক্কলনে ১২ কোটি ৪৮ লাখ টন উৎপাদনের কথা জানানো হয়েছিল। চলতি মৌসুমে প্রাক্কলিত গম উৎপাদনের পরিমাণ ছিল ১১ কোটি ৭২ লাখ টন। চলতি মৌসুমের তুলনায় উৎপাদন ৬ দশমিক ৫ শতাংশ বাড়বে বলে জানায় ইউরোপিয়ান কমিশন। কমিশনের মাসভিত্তিক সরবরাহ ও চাহিদা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউরোপিয়ান কমিশনের তথ্য অনুযায়ী, আগামী মৌসুমে তিন কোটি টন গম রফতানি করবে ইইউ। চলতি মৌসুমে প্রাক্কলিত রফতানির পরিমাণ ছিল ২ কোটি ৭০ লাখ টন। তবে গবাদিপশুর খাদ্য হিসেবে গমের চাহিদা বাড়ায় আগামী মৌসুমে কৃষিপণ্যটির মজুদ চলতি মৌসুমের তুলনায় কমবে। ২০২১-২২ মৌসুমের শেষ নাগাদ গম মজুদের পরিমাণ দাঁড়াবে ১ কোটি ৮ লাখ টনে। যদিও গত মাসে ১ কোটি ১৪ লাখ টন মজুদের প্রাক্কলন করা হয়েছিল।
এদিকে আগামী মৌসুমে অন্যান্য শস্যের মধ্যে যব উৎপাদন হবে ৫ কোটি ৪৫ লাখ টন। ভুট্টা উৎপাদন হবে ৭ কোটি ১০ লাখ টন। কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, নতুন প্রাক্কলনে ভুট্টা আমদানির পরিমাণ আগের প্রাক্কলনের তুলনায় ১০ লাখ টন করে কমেছে। চলতি ও আগামী মৌসুমে শস্যটি আমদানি করা হবে ১ কোটি ৫০ লাখ টন।










