মন্দার মধ্যে অর্থনীতিকে শক্তিশালী করার প্রয়াসে চীন অটোমোবাইল ও ইলেকট্রনিকস বিক্রি বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নিয়েছে। অস্বাস্থ্যকর প্রতিযোগিতার কারণ হতে পারে— এমন নীতি বাস্তবায়নের বিরুদ্ধে সরকার স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করেছে। পরিকল্পনায় অঞ্চলগুলোকে তাদের বার্ষিক গাড়ি ক্রয় কোটা বাড়ানোর জন্য উৎসাহ ও সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রয়কে সমর্থন অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর রয়টার্স।

নীতিনির্ধারকরা অটোমোবাইল খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ পথ হিসেবে দেখছেন। পাশাপাশি ভোক্তাদের চাহিদা বাড়ানোর জন্য তারা নতুন বৈদ্যুতিক গাড়ির ওপর ক্রয় করের বিরতি ২০২৭ সাল পর্যন্ত বাড়িয়েছে। এ প্রচেষ্টা থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ ভোক্তা চাহিদা দুর্বল। বিশ্বের বৃহত্তম অটো বাজারে টেসলার প্রবেশের ফলে মূল্যযুদ্ধ আরো বেড়েছে। ৪০টিরও বেশি ব্র্যান্ড তাদের গাড়িগুলোয় ছাড় দিচ্ছে, ফলে ইলেকট্রিক গাড়ি শিল্পের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সমস্যা সমাধানে সরকার অটোমোবাইল খাতে সংরক্ষণবাদী নীতি ও ক্ষতিকর প্রতিযোগিতা এড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে। ইলেকট্রনিক পণ্যে বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রয়োগকে উৎসাহিত করে ইলেকট্রনিকস বিক্রয়কে সমর্থনের লক্ষ্য নিয়েছে চীনের সরকার।