চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রে ডিজেলের মজুদ আশঙ্কাজনক হারে কমছে। এ কারণে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেল ও অন্যান্য জ্বালানির দাম ব্যাপক হারে বাড়ার সম্ভাবনা রয়েছে। খবর রয়টার্স।

মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, সর্বশেষ সপ্তাহে ২০ লাখ ব্যারেল কমেছে ডিজেলের মজুদ। বর্তমানে মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ব্যারেলে। অন্যদিকে মহামারীপূর্ব পাঁচ বছরের গড় মজুদের তুলনায় বর্তমান মজুদ ২ কোটি ৮০ লাখ ব্যারেল কম। সে হিসাবে মজুদ সাত বছরের সর্বনিম্নে অবস্থান করছে।

ইআইএ জানায়, ১১ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ১১ লাখ ব্যারেল করে বেড়েছে। মোট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ কোটি ১৫ লাখ ব্যারেল। অথচ রয়টার্সের এক জরিপে ওই সপ্তাহে মজুদ থেকে ১৬ লাখ ব্যারেল কমে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল।

এদিকে মোট দেশীয় মজুদ বাড়লেও ওকলাহামার কুসিনে তা ১৯ লাখ ব্যারেল কমেছে। মোট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৫৮ লাখ ব্যারেলে। এটি ২০১৮ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন মজুদ।