পুনরায় বাহরাইনে ফ্লাইট চালু করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ। আপাতত দৈনিক একটি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ জুন থেকে দ্বিতীয় ও তৃতীয় ফ্লাইটও শুরু হবে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
পরিষেবা নতুন করে শুরু হওয়ার মাধ্যমে বাহরাইনকে যুক্ত করা হবে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের সঙ্গে। ফলে যাত্রীদের জন্য আকাশপথে ভ্রমণের নতুন সম্ভাবনা ও সুযোগ তৈরি হবে। অন্যদিকে বাহরাইনের নিজস্ব পরিষেবা গালফ এয়ারও কাতারের দোহার সঙ্গে নিয়মিত ফ্লাইট শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে প্রতিদিন তিনটি করে ফ্লাইট দোহার উদ্দেশে যাবে বাহরাইন থেকে। কাতার এয়ারওয়েজ বর্তমানে ১৬০টির বেশি বিমানবন্দরের সঙ্গে যুক্ত। দোহাকে কেন্দ্র করে পরিচালিত হয় কার্যক্রম। ফলে নতুন এ উদ্যোগ বাইরাইনের নাগরিক কিংবা বাইরাইন ভ্রমণে প্রত্যাশী বিদেশীদের জন্য নতুন মাত্রা তৈরি করবে।
এদিকে সম্প্রতি কাতার এয়ারওয়েজ কিছু পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে। উড়োজাহাজ পরিষেবার প্রিভিলেজ ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছে অ্যাভিয়স রিওয়ার্ডসের সুবিধা। ফলে সদস্যদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। অ্যাভিয়স ও কাতার এয়ারলাইনসের মধ্যকার চুক্তির পাশাপাশি পরিবর্তন আসছে মূল্যনির্ধারণে। আনা হবে গ্রাহকের আনুকূল্য পরিবর্তন।










