গত জুলাইয়ে ভারতে পাম অয়েলের আমদানি আগের মাসের তুলনায় ১০ শতাংশ কমেছে। দেশটির তেল পরিশোধনকারীদের সয়াবিন তেলের ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পাম অয়েলের আমদানি কমেছে। অন্যদিকে নয়াদিল্লির ভোজ্যতেলের আমদানিতে শুল্ক ছাড় দেয়ার পদক্ষেপও এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছে দেশটির বাণিজ্য সংস্থা। খবর হেলেনিক শিপিং নিউজ।
দ্য সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ) এক বিবৃতিতে জানায়, জুলাইয়ে ভারতের পাম অয়েলের আমদানি ৫ লাখ ৩০ হাজার ৪২০ টন কমেছে। জুনে আমদানির পরিমাণ ছিল ৫ লাখ ৯০ হাজার ৯২১ টন। সেখানে জুলাইয়ে সয়াবিন তেলের আমদানি ১২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ রেকর্ড হয়েছে। ওই মাসে ৫ লাখ ১৯ হাজার ৫৬৬ টন সয়াবিন তেল আমদানি করে দেশটি। জুলাইয়ে সূর্যমুখী তেলের আমদানি ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০০ টন হয়েছে।










