দক্ষিণ আফ্রিকার প্রধান খাদ্যশস্য ভুট্টা। অনুকূল আবহাওয়ার কারণে এবার শস্যটির ফলন আশানুরূপ বেড়েছে। এতে উৎপাদন বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে। দেশটির কৃষকরা মনে করছেন চলতি মৌসুমে ভুট্টা উৎপাদন গত মৌসুমের তুলনায় ৭ শতাংশ বাড়বে। খবর রয়টার্স।
সাউথ আফ্রিকাস ক্রপ এস্টিমেটস কমিটির (সিইসি) পূর্বাভাস অনুযায়ী, গত মৌসুমে দক্ষিণ আফ্রিকায় ১ কোটি ৫৩ লাখ টন ভুট্টা উৎপাদন হয়েছিল। চলতি মৌসুমে খাদ্যশস্যটির উৎপাদনের পরিমাণ বেড়ে ১ কোটি ৬৪ লাখ ১৩ হাজার টনে উন্নীত হবে। ব্যবসায়ীদের পাঁচটি সংগঠন ও বিশ্লেষকদের করা প্রাক্কলনের তথ্য নিয়ে এ পূর্বাভাস দেয় সিইসি।
এর আগে এপ্রিলে আরেকটি পূর্বাভাস দিয়েছিল সিইসি। ওই পূর্বাভাসে চলতি মৌসুমে ১ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টন ভুট্টা উৎপাদন হবে বলে জানানো হয়েছিল। আগের প্রাক্কলনের তুলনায় নতুন প্রাক্কলনে উৎপাদনের পরিমাণ ২ শতাংশ বেশি।
রিডারমার্ক ক্যাপিটাল গ্রেইন অপশন মার্কেটের ব্যবসায়ী ওয়ারেন ল্যাংগ্রিজ বলেন, অনুকূল আবহাওয়ার কারণে কয়েক মাস ধরে ভুট্টা উৎপাদন বৃদ্ধি অব্যাহত আছে। ফলে চলতি মৌসুমে দেশটির ভুট্টা উৎপাদনের পরিমাণ প্রত্যাশা পূরণে সক্ষম হবে।
দেশটির বিভিন্ন অঞ্চলে এরই মধ্যে জমি থেকে ভুট্টা সংগ্রহ শুরু হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে শস্যটির উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে বলে প্রত্যাশ্যা করছেন বিশ্লেষকরা।
এগ্রিকালচারাল বিজনেস চেম্বারের প্রধান অর্থনীতিবিদ ওয়ানডাইন শিলাবো বলেন, কৃষকদের থেকে পাওয়া তথ্য পর্যবেক্ষণ করে উৎপাদন বৃদ্ধির যে আভাস পেয়েছি তাতে আমরা আশাবাদী। এ মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদন আসতে পারে।










