বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের দ্বিতীয় প্রান্তিকের মুনাফা ৫৫ শতাংশ বেড়েছে। এ প্রবৃদ্ধি হয়েছে বেশি মাত্রার জেট ডেলিভারি দেয়ার মাধ্যমে। এয়ারলাইনসগুলো যাত্রীদের ভ্রমণের চাহিদা মেটাতে ও তাদের নিজস্ব উড়োজাহাজের সংখ্যা বাড়াতে চেয়েছিল। ফলে নতুন উড়োজাহাজ বিক্রি বেড়েছে এয়ারবাসের। দ্য ন্যাশনাল নিউজ।
প্রাথমিকভাবে গ্রাহকের জেট ডেলিভারি বৃদ্ধির কারণে দ্বিতীয় প্রান্তিকে এয়ারবাসের আয় বছরে ২৫ শতাংশ বেড়ে ১ হাজার ৫৯০ কোটি ইউরোতে পৌঁছেছে। সুদ ও ট্যাক্সের আগে এয়ারবাসের সমন্বিত আয়ও বার্ষিক ভিত্তিতে ৩৪ শতাংশ বেড়ে ১৮৪ দশমিক ৫ কোটি ইউরোতে দাঁড়িয়েছে।
এয়ারবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা গুইলাউম ফাউরি জানান, এয়ারবাসের বাণিজ্যিক বিমানগুলোর উচ্চ চাহিদা রয়েছে, যা প্যারিস এয়ার শোতে ঘোষিত ৮০০টিরও বেশি অর্ডার দ্বারা প্রমাণিত। তবে উড়োজাহাজ পরিষেবা পরিচালনার পরিবেশ এখনো জটিল।
চ্যালেঞ্জ সত্ত্বেও এয়ারবাস তাদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তারা চলতি বছরের জন্য ৭২০টি উড়োজাহাজ সরবরাহের লক্ষ্য পুনর্ব্যক্ত করেছে। এটি ২০২৩ সালের জন্য ৬০০ কোটি ইউরো সুদ ও ট্যাক্সের আগে সামঞ্জস্যযুক্ত আয়ের পূর্বাভাস দেয়।










