আবারো নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আতিকুল ইসলাম। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১ (১) অনুযায়ী তাকে পুনর্নিয়োগ করেন রাষ্ট্রপতি। 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এ মেয়াদে তিনি আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৮ পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। 

অধ্যাপক আতিকুল ইসলাম ২০১৬ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিযুক্ত হন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি এ পদে পুনরায় নিয়োগ লাভ করেন। 

অধ্যাপক আতিকুল ইসলাম অস্ট্রেলিয়ার পার্থের এডিথ কোয়ান ইউনিভার্সিটির ব্যবসা ও আইন অনুষদের নির্বাহী ডিন এবং উপ-উপাচার্য (এনগেজমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ইউনিভার্সিটি অব সিডনি, এনএসডব্লিউ, কার্টিন ইউনিভার্সিটি, ক্যানটারবেরি ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরে দায়িত্ব পালন করেছেন। 

তিনি সাউথ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে স্কুল অব কমার্সের প্রধান হিসেবে (২০০৫-০৮) এবং ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে (২০০৮-১০) ব্যবসা ও সরকার অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন। 

অধ্যাপক আতিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে এমকম (অ্যাকাউন্টিং) এবং সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক আতিকুল ইসলাম ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে তার চাকরি জীবন শুরু করেন। তিনি বহু একাডেমিক জার্নালে পাণ্ডিত্যপূর্ণ নিবন্ধের লেখক ও সহ-লেখক। তিনি পিএইচডিসহ অনেক স্নাতকোত্তর থিসিস তত্ত্বাবধান করেছেন। তিনি আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, ব্রিটিশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স অ্যাসোসিয়েশনসহ আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে অসংখ্য প্রবন্ধ উপস্থাপন করেছেন। -বিজ্ঞপ্তি