দেশীয় সরবরাহ সচল রাখতে আকরিক লোহা অনুসন্ধান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। পাশাপাশি দেশের বাইরে চীনের বিনিয়োগকৃত আকরিক লোহা খনিগুলো থেকে উত্তোলন বৃদ্ধিতেও সচেষ্ট হয়েছে দেশটি। চায়না আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশন (সিআইএসএ) সম্প্রতি এ পরিকল্পনার কথা জানিয়েছে। খবর গ্লোবাল টাইমস।

২০২১-২৫ সাল পর্যন্ত চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনা হাতে নিয়েছে চীন। এ সময়ের মধ্যে আকরিক লোহা ও ইস্পাতের সরবরাহ সুরক্ষিত রাখতে নানা উদ্যোগ হাতে নিয়েছে চীন। এরই অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিআইএসএর প্রেসিডেন্ট শেন বিন জানান, প্রতিষ্ঠানটি আকরিক লোহার সরবরাহ সচল রাখতে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আকরিক লোহার সেলফ সাপ্লাই রেট বাড়ানো এবং চীনের যেসব কোম্পানি পশ্চিম আফ্রিকা ও পশ্চিম অস্ট্রেলিয়ার বিভিন্ন খনিতে বিনিয়োগ করেছে সেগুলো সম্প্রসারিত করা।

আকরিক লোহার সরবরাহ সুরক্ষিত রাখতে যেসব উদ্যোগ নেয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন হলে চীনের আকরিক লোহার সরবরাহ সম্প্রসারিত হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করতে সিআইএসএ বেশকিছু উন্নয়ন প্রতিবেদন ও পরিকল্পনার অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে আকরিক লোহার দেশীয় উত্তোলনে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।