সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক বন্ধন আরো দৃঢ় করার পথে রয়েছে থাইল্যান্ড। যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে রফতানিতে ঢিলেঢালা ভাব থাকায় দেশটি তাদের পণ্যের জন্য সম্ভাব্য বাজারের খোঁজ চালিয়ে যাচ্ছে। খবর ব্যাংকক পোস্ট। 

ফেডারেশন অব থাই ইন্ডাস্ট্রিজের (এফটিআই) এক্সিকিউটিভ বোর্ডের সদস্য নাভা চান্তনাসুরাকন বলেন, ‘‌প্রত্যাশা করা হচ্ছে চলতি বছর থাইল্যান্ড ও সৌদি আরবের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১ হাজার কোটি বাথ ছাড়িয়ে যাবে। সৌদি আরব একটি উচ্চ সম্ভাবনাময় বাজার এবং এটি মধ্যপ্রাচ্যে প্রবেশের পথ।’

রিয়াদের প্রত্যাশা যেন থাইল্যান্ডের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সেখানে বিনিয়োগ করে। বিশেষ করে থাইল্যান্ড ও সৌদি আরব তাদের ব্যবসায়িক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মত হওয়ার পরে এমনটাই ভাবা হচ্ছে। গত বছর দুটি দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করার জন্য স্মারক চুক্তিও সই হয়।

সৌদি আরবে বাণিজ্য সুবিধা, কাজ ও বিনিয়োগ নিয়ে আশাবাদী এফটিআই। তাদের মতে, সৌদি আরব এখন থাইল্যান্ডের গড়ে তোলা ফার্ম, খাবার, গাড়ি ও অটো পার্টসের বিষয়ে আগ্রহী। থাই খাবার বিশেষ করে হালাল খাবারগুলো বেড়েছে খুব দ্রুতগতিতে। নাভা বলেন, থাই বিনিয়োগকারীদের এসব সুবিধা গ্রহণ করা উচিত এবং সৌদি আরবে তাদের নতুন বিনিয়োগ পরিকল্পনা করা উচিত। 

৩ কোটি ৬০ লাখ জনসংখ্যার সৌদি আরবে গত বছর জিডিপি বেড়েছে ৮ দশমিক ৭ শতাংশ, জি২০ দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ। নাভার মতে, সৌদি বিনিয়োগকারীরা ইস্টার ইকোনমিক করিডোরের প্রতি আগ্রহী এবং বিভিন্ন ঘরানার ব্যবসার উন্নয়নে তারা ৩০ হাজার কোটি বাথের বেশি খরচ করার প্রত্যাশা করছে, যার মধ্যে জ্বালানি খাতের বিনিয়োগও থাকবে।