বিশেষ চেয়ারটি তৈরি করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের গ্রুপ কোম্পানি ‘টয়োটা বোশোকু’। এ প্রতিষ্ঠান মূলত গাড়ির আসন ও অভ্যন্তরীণ যন্ত্রাংশ তৈরির কাজ করে। নতুন চেয়ারটির নাম দেয়া হয়েছে ‘ক্রাউন সিট ডেস্ক চেয়ার’। গাড়ির সামনের পাওয়ার সিটকে ভিত্তি করে চেয়ারটি ডিজাইন করা হয়েছে। এতে গাড়ির আসনের মতোই বেশকিছু বিশেষ সুবিধা রাখা হয়েছে, যেমন এতে রয়েছে বৈদ্যুতিকভাবে আসন নিয়ন্ত্রণের সুবিধা (পাওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট)। পাশাপাশি শীতকালে সিট গরম রাখার জন্য হিটিং ও গরমে আরামের জন্য ভেন্টিলেশন ব্যবস্থা রয়েছে। চেয়ারটি সচল রাখতে একটি বিল্ট-ইন ব্যাটারিও ব্যবহার করা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো এতে গাড়ির সিটবেল্ট বাকলটি রেখে দেয়া হয়েছে। সিটবেল্ট বাকলের ভেতরেই একটি ইউএসবি-সি চার্জিং পোর্ট বসানো রয়েছে।

টয়োটা জানায়, বাজারে ৭০টি ক্রাউন সিট ডেস্ক চেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে টয়োটা বোশোকু। সীমিত সংস্করণ ও বিলাসবহুল সুবিধার কারণে এর দামও বেশ চড়া। আন্তর্জাতিক বাজারে এর দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৩ হাজার ৫০০ ডলার। খবর নিক্কেই এশিয়া