পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ৬ ডিসেম্বর ২০২৩ থেকে ৫ জুন ২০২৪ সমাপ্ত অর্ধবার্ষিক সময়ের জন্য মুনাফা ঘোষণা করেছে। আলোচ্য সময়ে ইউনিটধারীদের ১০ শতাংশ হারে মুনাফা দেবে বন্ডটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ৬ ডিসেম্বর অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এ মুনাফা অনুমোদন করা হয়। বন্ডটির ইস্যুয়ার হিসেবে কাজ করছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পারপেচুয়াল বন্ডের পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা। মোট ইউনিট সংখ্যা ৪ হাজার। 

গত বছরের ১২ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪২তম সভায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। 

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার ফুললি রিডেমেবল, নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফ্লোটিং রেটবিশিষ্ট পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন। সাত বছর মেয়াদি বন্ডটি স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, করপোরেট ও উচ্চ সম্পদশালী একক যোগ্য বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যাংকের টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি করপোরেট, এসএমই রিটেইল ঋণের পোর্টফোলিও বৃদ্ধি এবং ট্রেজারি সিকিউরিটিজ ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করা হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর ম্যান্ডেটরি লিড অ্যারেঞ্জর ও কো-অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে যথাক্রমে আরএসএ অ্যাডভাইজরি লিমিটেড ও এমটিবি ক্যাপিটাল লিমিটেড। বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার শর্ত দেয়া হয়েছে।

এর আগে গত বছরের ৩১ মে ডিএসইর মাধ্যমে ব্যাংকটি জানায় তারা এ বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেয়ার কথাও জানানো হয় তখন।