এমজেএল বাংলাদেশ পিএলসির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) সমাপ্ত ২০২৩ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় ৩৭ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। একই সঙ্গে আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরের এমজেএল বাংলাদেশের সমন্বিত ইপিএস হয়েছে ৮ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৩৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ২৭ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২০ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর। 

৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এমজেএল বাংলাদেশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৫৩ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৪০ টাকা ৫৫ পয়সায়, যা আগের বছর শেষে ছিল ৩৯ টাকা ৬৯ পয়সা।