চলতি বছরের প্রথম প্রান্তিকে আয় বাড়লেও মুনাফা কমেছে ভলভোর। নিজেদের ব্যয় কমানোর জন্য বিভিন্ন দিকে নজর রাখছে সুইডেনভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে অন্য গাড়ি নির্মাতাদের মতো সরবরাহ চেইন সংকট ও মূল্যস্ফীতি সমস্যায় ভুগেছে ভলভো কারসও। সুইডিশ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাড়ি বিক্রির পরিমাণ ১০ শতাংশ বেড়ে ১ লাখ ৬২ হাজার ৯০০ ইউনিটে দাঁড়িয়েছে। তাদের আয় ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫৭০ কোটি সুইডিশ ক্রোনা বা ৯৩০ কোটি ডলার। তবে গত প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা কমে ৩৯৮ কোটি সুইডিশ ক্রোনায় দাঁড়িয়েছে, যা এক বছর আগের একই সময়ে ছিল ৪৫০ কোটি সুইডিশ ক্রোনা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, খরচ কমানোর জন্য এরই মধ্যে বেশকিছু প্রচেষ্টা শুরু হয়েছে এবং সামনে আরো কিছু খাতে খরচ কমিয়ে আনা হবে। 

বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভিতে বেশি মনোযোগ দিচ্ছে ভলভো। সিইও জিম রাওয়ান এক বিবৃতিতে বলেন, ‘‌এ দশকের শেষ নাগাদ পুরোপুরি বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা হিসেবে দাঁড়ানোর জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

ভলভো জানিয়েছে, প্রথম প্রান্তিকে বিক্রি হওয়া প্রতি পাঁচটি গাড়ির একটি ছিল বিদ্যুচ্চালিত, যা এক বছর আগের একই সময়ের তুলনায় দ্বিগুণ। এ সময়ে ইভির উৎপাদন খরচও বেড়েছে। সুইডিশ প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই বছরে ব্যাটারির গুরুত্বপূর্ণ উপকরণ লিথিয়ামের দামই ৮০০ শতাংশ বেড়েছে।