দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ‘‌এ’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে এপেক্স ফুডস লিমিটেডের। আলোচ্য সপ্তাহের পাঁচ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় ২৮ শতাংশ। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে এপেক্স ফুডসের শেয়ারদর ছিল ৩৮৩ টাকা ৮০ পয়সা। সপ্তাহ শেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ৪৯০ টাকা ১০ পয়সায়। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০৬ টাকা ৩০ পয়সা বা ২৭ দশমিক ৭০ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ৬৮ কোটি ৮১ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১৩ কোটি ৭৬ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এপেক্স ফুডসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫০ পয়সায়। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৭১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪০ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৬ টাকা ২২ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডাররদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এপেক্স ফুডস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ১৪ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ২ টাকা ৭ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১২৬ টাকা ১৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১১৯ টাকা ৩৯ পয়সা। 

২০২০-২১ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এপেক্স ফুডস। ২০১৯-২০ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া কোম্পানিটি। ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ হিসাব বছর পর্যন্ত প্রতি বছর ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।