ব্যবহারের দিক থেকে স্বর্ণের দ্বিতীয় শীর্ষ বাজার ভারত।
কিন্তু করোনা মহামারীতে মূল্যবান ধাতুটির ব্যবহার কমেছে, যার প্রভাব পড়েছে আমদানির ওপর।
গত মে মাসে ধাতুটি আমদানিতে বড় ধস নেমেছে।
খবর ব্লুমবার্গ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয় ভারত।
মৃত্যু ও শনাক্তে প্রতিদিনই রেকর্ড ভাঙার নজির দেখিয়েছে দেশটি।
পরিস্থিতি মোকাবেলায় চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার।
দোকানপাট বন্ধ করে দেয়া হয়।
বিয়ে ও উৎসবের আয়োজনে কড়াকড়ি আরোপ করা হয়।
এতে ভাটা পড়ে স্বর্ণের চাহিদায়।
এ কারণে আমদানিও উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়।
নাম প্রকাশ না করার শর্তে খাতসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মে মাসে ভারতে স্বর্ণ আমদানি হয়েছে ১১ দশমিক ৩ টন, যেখানে আগের মাসে আমদানির পরিমাণ ছিল ৭০ দশমিক ৩ টন।
সেই হিসাবে এক মাসের ব্যবধানে আমদানির পরিমাণ কমেছে ৫৯ টন বা ৮৩ দশমিক ৯৩ শতাংশ।
আমদানির এমন মন্দা ভাব দেখা দেয় গত বছরের এ সময়েও।
করোনার প্রসার ঠেকাতে সে সময় কঠোর লকডাউন দেয় ভারত সরকার।
এতে স্বর্ণ আমদানি রেকর্ড কমে যায়।
সেই হিসাবে গত বছরের মে মাসের তুলনায় এবার আমদানি এখনো ১ দশমিক ৩ টন বেশি হয়েছে।










