বিদ্যুচ্চালিত গাড়ির বাজার প্রতিনিয়ত বাড়ছে। সেই সঙ্গে উৎপাদনকারীদের মধ্যে প্রতিযোগিতাও নতুন মাত্রা পাচ্ছে। এর অংশ হিসেবে ২০২৬ সাল নাগাদ আরো ১০টি মডেলের ইভি বা বিদ্যুচ্চালিত গাড়ি বাজারজাতের কথা ভাবছে জার্মানির প্রতিষ্ঠান ফক্সওয়াগন। চীনেও মডেলগুলো বাজারজাত করবে প্রতিষ্ঠানটি। চীনে প্যাসেঞ্জার বাহন বিক্রিতে কয়েক দশক ধরে শীর্ষে ছিল ফক্সওয়াগন। কিন্তু বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে প্রবেশ করতে না পারায় জার্মান কোম্পানিটি বাজার হারাতে শুরু করে। ২০২২ সালে প্রতিষ্ঠানটির বিক্রি ৩ দশমিক ৬ শতাংশ কমে ৩১ লাখ ৮০ হাজার ইউনিটে দাঁড়ায়। ফেব্রুয়ারিতে চীনের বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনকারী বিওয়াইডি ফক্সওয়াগনকে টপকে শীর্ষ প্যাসেঞ্জার গাড়ি বিক্রেতার খেতাব অর্জন করে। সম্প্রতি আইডি.৭ ইভি উন্মোচন করে ফক্সওয়াগন। সে সময় শেফার ২৬ সাল নাগাদ আরো ১০ মডেলের ইভি উৎপাদনের কথা জানায়। গাড়ি বাজারজাতের সময়ও চার বছর থেকে কমিয়ে আড়াই বছরে আনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। রয়টার্স