নভেল করোনাভাইরাস মহামারীর ধাক্কা লেগেছে চীনের ইস্পাত রফতানিতে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে শিল্প ধাতুটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ কমে ১ কোটি ৪৫ লাখ টনের নিচে নেমে এসেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে চীন থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ কোটি ৪৩ লাখ টন ইস্পাত রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ কম। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত ছিল চীন। এ সময় দেশটির বিভিন্ন প্রান্তে লকডাউন চলমান ছিল। এ কারণে বছরের প্রথম প্রান্তিকে দেশটি থেকে শিল্প ধাতুটির রফতানি কমে গেছে।
তবে মার্চ নাগাদ চীনে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে। এ সময় চীন থেকে সব মিলিয়ে ৬৫ লাখ টন ইস্পাত রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেশি।










