নর্থ সাউথ ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল ও ঢাকার রাশিয়ান হাউসের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ৮০০-র বেশি শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।
দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক ও জনগণের মধ্যে যোগাযোগ আরো গভীর করতে বিশেষ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
উপাচার্য বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সমর্থনের কথা স্মরণ করেন এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের ওপর গুরুত্ব দেন। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরো বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই তার বক্তব্যে রাশিয়ায় উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগের কথা তুলে ধরেন। বিশেষ করে রাশিয়ান সরকারের বৃত্তি বা কোটা প্রোগ্রাম সম্পর্কে তিনি শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন। বাংলাদেশী শিক্ষার্থীদের এ সুযোগগুলো কাজে লাগিয়ে রাশিয়ায় উচ্চশিক্ষার সম্ভাবনা অনুসন্ধানের আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ খান সাংস্কৃতিক কূটনীতির গুরুত্ব তুলে ধরে বলেন, এটি শিক্ষার্থীদের একাডেমিক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে সহায়তা করে। একই সঙ্গে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক নেছার উদ্দীন আহমেদও দুই দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষা ও সম্পর্ক বিষয়ক একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শন করা হয়।
সাংস্কৃতিক পর্বে ঢাকা মেলোডিয়া প্রজেক্টের শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। দিমিত্রি শোস্তাকোভিচ ও সের্গেই রাখমানিনভের বিখ্যাত সৃষ্টির পাশাপাশি জনপ্রিয় রুশ লোকসংগীত কালিনকা ও করোবেইনিকি গেয়ে দর্শকদের মুগ্ধ করা হয়। উপস্থিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সাংস্কৃতিক বিনিময়ের এ চমৎকার অনুষ্ঠানটি শেষ হয়।
—বিজ্ঞপ্তি










