২০২৩ সালে চীনের তামা আমদানি আগের বছরের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ কমেছে। স্থানীয় পর্যায়ে ঊর্ধ্বমুখী উৎপাদন এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি ডলারের বিনিময় হার বৃদ্ধিও আমদানিতে নেতিবাচক প্রভাব ফেলে। গত বছর চীন সব মিলিয়ে ৫৫ লাখ টন তামা আমদানি করে। দেশটির শুল্ক বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তামা অবকাঠামো নির্মাণ, পরিবহন ও বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি ব্যবহার হয়। ২০২৩ সালের শুরুর দিকে কভিড-১৯ সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নেয়ার পর চীনের বিগলন কেন্দ্রগুলো তামা উৎপাদন বাড়িয়ে দেয়। কার্যক্রম শুরু করে নতুন কিছু প্রকল্পও।
জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, গত বছরের প্রথম ১১ মাসে চীনে ১ কোটি ১৮ লাখ ১০ হাজার টন তামা উৎপাদন হয়। ২০২২ সালের একই সময়ের তুলনায় যা ১৩ দশমিক ৩ শতাংশ বেশি।
ফলে তামার কাঁচামাল আমদানিও বেড়ে যায়। ২০২৩ সালে দেশটি রেকর্ড পরিমাণ তামার আকরিক ও কনসেনট্রেট আমদানি করে। আমদানির পরিমাণ ছিল ২ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি।










