মঙ্গলবার আইসিএমএবির সভাপতি মো. কাউসার আলম সেন্টারটির উদ্বোধন করেন। এ সময় এসডিজি ও ইএসজি কমিটির চেয়ারম্যান ও আইসিএমএবির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, প্রতিষ্ঠানটির আরেক সাবেক সভাপতি মোহাম্মদ সালিম ও আইসিএমএবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইসিএমএবি জানিয়েছে, বাংলাদেশের কোনো পেশাজীবী প্রতিষ্ঠানের মধ্যে এটি প্রথম কোনো বিশেষায়িত ইএসজি উদ্যোগ। সেন্টারটি পরিবেশ, সামাজিক ও সুশাসন বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা, কারিগরি নির্দেশনা, জ্ঞান উন্নয়ন, পেশাগত সংলাপ ও বিভিন্ন অংশীজনের সঙ্গে সহযোগিতার প্লাটফর্ম হিসেবে কাজ করবে।

এছাড়া সেন্টারটির মাধ্যমে ব্যবস্থাপনা হিসাববিদদের ইএসজি, জলবায়ু ঝুঁকি, টেকসই প্রতিবেদন প্রণয়ন, সুশাসন ও দায়িত্বশীল বিনিয়োগ বিষয়ে দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। একই সঙ্গে বাংলাদেশে টেকসই ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গঠনে অবদান রাখার লক্ষ্য রয়েছে।

ইএসজি সেন্টারটি জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন, পেশাগত উৎকর্ষ ও জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। এর মাধ্যমে ব্যবসা ও শিল্প খাতে পরিবেশগত ও সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি সুশাসনের চর্চা আরো জোরদার হবে।