বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। পূর্ব ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির এজিএম আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা পরিবর্তন করে ২৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় করা হয়েছে। এছাড়া এজিএম-সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৪৬ পয়সায়। 

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৪৬ পয়সায়। ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার।