যুক্তরাজ্যে রাতের খাবার হিসেবে পিৎজা খুবই প্রচলিত। এ খাতে আধিপত্য বিস্তার করছে পিৎজা এক্সপ্রেস, ফ্র্যাঙ্কো মাঙ্কো, ডমিনো’জ ও গুডফেলা’সের মতো চেইনগুলো। সে জনপ্রিয়তা শিগগিরই চূড়ায় পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছেন অনেক বিশ্লেষক। এরপর ধীরে ধীরে কমবে পিৎজার চাহিদা। এতে প্রভাবক হিসেবে কাজ করছে জেন জির ফ্রাইড চিকেনপ্রীতি, যা কিনা ঐতিহ্যবাহী পিৎজা পার্লারগুলোর মেনুও পাল্টে দিতে পারে বলে মনে করা হচ্ছে। খবর দ্য গার্ডিয়ান।
দুই দশক ধরে কোম্পানির বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর সম্প্রতি ডমিনো’জ পিৎজা গ্রুপের সিইওর পদ ছেড়েছেন অ্যান্ড্রু রেনি। কোম্পানি ছাড়ার আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাজ্যে পিৎজার চাহিদা হয়তো ভবিষ্যৎ পতনের দিকে এগোচ্ছে। কারণ দেশটিতে ফ্রাইড চিকেনের চাহিদা দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে পিৎজা চেইনগুলোর উচিত মেনু সম্প্রসারণ করা।
অ্যান্ড্রু রেনি মন্তব্যের সঙ্গে বাজার বিশ্লেষকদের তথ্যের সাযুজ্য রয়েছে। কারণ যুক্তরাজ্যে হাই স্ট্রিট বা ব্যস্ততম সড়কগুলোয় পিৎজা রেস্তোরাঁর সংখ্যা এক দশক ধরে দ্রুত বেড়েছে। তবে এখন এ ধারায় ছেদ পড়েছে। রেস্তোরাঁ খাতের বিশ্লেষক প্রতিষ্ঠান সিজিএর তথ্য অনুযায়ী, ২০১৫ সালে যুক্তরাজ্যে চেইন পিৎজা রেস্তোরাঁ ছিল পাঁচ হাজার, যা এখন ৩ হাজার ৭৫০-এ নেমেছে। পিৎজা এক্সপ্রেস, পিৎজা হাট ও পাপা জন’সের মতো বড় কোম্পানিগুলো আউটলেট বন্ধের মিছিলে শামিল হয়েছে। সম্প্রতি আর্থিক অস্থিতিশীলতার কারণে নতুন করে ৬৮টি আউটলেট বন্ধের ঘোষণা দিয়েছে পিৎজা হাট।
বাজার বিশ্লেষক মিনটেলের ফুড সার্ভিস রিসার্চ বিভাগের সহযোগী পরিচালক ট্রিশ ক্যাডি বলেন, ‘পিৎজা এখনো ব্রিটিশ ফাস্ট ফুডের মূল ভিত্তি। ২০২৩-২৫ পর্যন্ত গ্রাহকদের প্রায় ৪৫ শতাংশ কখনো না কখনো এ খাবারের স্বাদ নিয়েছেন।’
তিনি জানান, পিৎজা ব্যবসা এখনো স্থিতিশীল হলেও তুলনামূলকভাবে চিকেন শপের প্রতি ক্রেতা আকর্ষণ বেড়েছে। এ আকর্ষণ ২০২৩ সালের ৩৭ শতাংশ থেকে বেড়ে চলতি বছর ৩৯ শতাংশ হয়েছে। এ ২ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি অল্প মনে হতে পারে, কিন্তু অন্তর্নিহিত প্রবণতা বেশ বড়। কারণ জেন জির মধ্যে চিকেন শপে যাওয়ার প্রবণতা ৫২ শতাংশ, যা প্রায় পিৎজার ৫৬ শতাংশের সমান।
আগ্রাসী পরিকল্পনার মাধ্যমে চিকেন-কেন্দ্রিক রেস্তোরাঁর প্রসার বাড়ছে বলে জানান ট্রিশ ক্যাডি। যুক্তরাষ্ট্রভিত্তিক পপেয়াস চেইন যুক্তরাজ্যে ২০২৩ সালের ৩২টি আউটলেট থেকে চলতি বছরে ৮০টিতে উন্নীত হয়েছে। অন্যদিকে কোম্পানিটির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী কেএফসি যুক্তরাজ্যে ১৫০ কোটি পাউন্ড বিনিয়োগ করছে এবং চলতি বছর ৫০টির বেশি শাখা যোগ করছে।
ট্রিশ ক্যাডি বলেন, ‘চিকেন ব্র্যান্ডগুলো উচ্চ প্রোটিন ডায়েট ও তীব্র মশলাদার স্বাদের জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছে।’
যুক্তরাজ্যে শুধু চিকেন শপই নয়, এশীয় স্বাদের খাবার পরিবেশনকারী ঢিসুম, স্টিকস এন সুশি, গিগলিং স্কুইড ও ফোর মতো চেইনগুলো এখন পিৎজার বাজার দখল করেছে। এছাড়া সুপারমার্কেটগুলো চিলড ও ফ্রোজেন পিৎজা সরবরাহ করায় প্রতিষ্ঠিত চেইনগুলো বাড়তি প্রতিযোগিতায় পড়েছে।
অবশ্য গবেষণা সংস্থা পিল হান্টের সাবেক বিশ্লেষক ডগলাস জ্যাকের মতে, পিৎজার আবেদন এখনো শেষ হয়ে যায়নি। বাজার ক্রমেই বড় হচ্ছে। ব্যস্ত এলাকার ব্র্যান্ডেড রেস্তোরাঁর সম্প্রসারণের পাশাপাশি টেক অ্যাওয়ে বা হোম ডেলিভারির মাধ্যমেও এখন এর চাহিদা বাড়ছে।
শিল্প পরামর্শক পিটার ব্যাকম্যানের গবেষণা অনুযায়ী, ২০১৫ সালের যুক্তরাজ্যে পিৎজা রেস্তোরাঁয় বিক্রির আকার ছিল ১৩০ কোটি পাউন্ড, যা গত বছর প্রায় ২৩৫ কোটি পাউন্ডে উন্নীত হয়েছে। এমনকি কভিড-মহামারীর সময়ও বিক্রি কমেনি।
তিনি আশা করেন, বাজার আরো সম্প্রসারণ হবে। কারণ পিৎজা চেইনগুলো ডেলিভারিতে এমনভাবে মনোযোগ দিচ্ছে যা অন্য খাতগুলো করেনি। তুলনামূলকভাবে কম উপাদান খরচের কারণে চেইনগুলো ভালো অংকের মার্জিন বজায় রাখতে পারছে।
অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলো সম্প্রসারণে বিরতি দিচ্ছে। কারণ জাতীয় বীমার প্রিমিয়াম বৃদ্ধির কারণে বাড়তি খরচের চাপ সামলাতে হচ্ছে এসব কোম্পানিকে। ডগলাস জ্যাক বলেন, ‘এ চাপ বাজারকে জোরালোভাবে বিভক্ত করেছে। কারণ বড় ও সম্পদশালী চেইন ভালো করছে, ছোট অপারেটররা পিছিয়ে পড়ছে। মানুষ পিৎজা খাওয়া বন্ধ করবে এমন কোনো প্রমাণ নেই। এটা বাজারের মেরুকরণ, পুরো বাজারের পতন নয়।’










