চলতি বছরের মে মাসে চীনের তামা আমদানি কমেছে।
ব্যবহারিক ধাতুটির দাম রেকর্ড সর্বোচ্চে ওঠায় আমদানিকারকদের ক্রয়ের আগ্রহে ভাটা পড়ে।
ফলে মে মাসে আমদানির পরিমাণ এপ্রিলের তুলনায় ৮ শতাংশ কমে যায় বলে জানিয়েছে চীনের শুল্ক বিভাগ।
খবর বিজনেস রেকর্ডার ও রয়টার্স।
বিশ্বের শীর্ষ ধাতু ব্যবহারকারী দেশ চীন।
দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, গত মাসে ৪ লাখ ৪৫ হাজার ৭২৫ টন অগঠিত তামা ও তামাজাত পণ্য আমদানি করে চীন।
এপ্রিলে আমদানি হয়েছিল ৪ লাখ ৮৪ হাজার ৮৯০ টন।
সে হিসেবে আমদানি কমেছে ৩৯ হাজার ১৬৫ টন।
এ নিয়ে টানা দুই মাসের মতো আমদানি কমার ঘটনা ঘটল।
তবে গত বছরের মে মাসের তুলনায় আমদানি বেড়েছে।
ওই মাসে দেশটি ৪ লাখ ৩৬ হাজার ৩০ টন তামা আমদানি করেছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত মাসে লন্ডন মেটাল এক্সচেঞ্জে তামার দাম ৪ দশমিক ৪ শতাংশ বাড়ে। ১০ মে ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ১০ হাজার ৭৪৭ ডলার ৫০ সেন্টে উঠে আসে, যা সর্বকালের সর্বোচ্চ। এ বছরের বেশির ভাগ সময়ই তামার দাম ছিল ঊর্ধ্বমুখী। এতে আমদানিকারকরা কিছুটা অস্বস্তির মধ্যে পড়েন। তাদের মাঝে তামা আমদানিতে অনীহা দেখা দেয়। লকডাউন-পরবর্তী সময়ে চাহিদা তুঙ্গে ওঠায় বাজারদরে এমন উল্লম্ফন দেখা দেয় বলে জানান বিশ্লেষকরা।










