আন্তর্জাতিক বাজারে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের মজুদ হ্রাস এবং দাবানলের কারণে কানাডা থেকে সরবরাহ ঝুঁকি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স, বিজনেস রেকর্ডার।
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে আগের দিনের তুলনায় ৩৭ সেন্ট বা দশমিক ৫ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য পৌঁছেছে ৮১ ডলার ৩৮ সেন্টে।
অন্যদিকে গতকাল সেপ্টেম্বরের সরবরাহ চুক্তিতে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় ৩৮ সেন্ট বা দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৭৭ ডলার ৩৪ সেন্টে।
আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) বরাত দিয়ে নাম প্রকাশ না করার শর্তে বাজারসংশ্লিষ্ট এক সূত্র জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল, পেট্রল ও ডিস্টিলেটসের মজুদ টানা চতুর্থবারের মতো কমেছে। এপিআইর পরিসংখ্যান অনুযায়ী, ১৯ জুলাই শেষ হওয়া সপ্তাহে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমেছে ৩৯ লাখ ব্যারেল, পেট্রল ২৮ লাখ ব্যারেল ও ডিস্টিলেটস ১৫ লাখ ব্যারেল।
এদিকে এলএনজি বিশ্লেষকরা বলেছেন, কানাডায় দাবানলে সৃষ্ট সরবরাহ ঝুঁকির কারণেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। দাবানলের কারণে দেশটির কিছু প্রতিষ্ঠান উত্তোলন কমাতে বাধ্য হয়েছে। এতে সরবরাহ ঝুঁকি তৈরি হয়েছে।
তবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আর্থিক পরিষেবা সংস্থা গোল্ডম্যান স্যাকস জানায়, কানাডার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন এখনো অনেকাংশে স্থিতিশীল। তবে দাবানলের কারণে উত্তোলন কমার ঝুঁকি দিন দিন বাড়ছে। এক নোটে সংস্থাটি জানায়, কানাডায় দাবানল আরো ছড়িয়ে পড়ার উদ্বেগে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে এখনো গুরুতর কোনো প্রভাব পড়েনি। তবে সামনের দিনগুলোয় এ উদ্বেগ শক্তিশালী হতে পারে। আলবার্টার এক-তৃতীয়াংশ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
এদিকে পরিমাণের দিক থেকে গত মাসে ওপেক প্লাসের বেঁধে দেয়া কোটার কাছাকাছি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে রাশিয়া। মঙ্গলবার দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেছেন। এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি। নোভাক বলেন, ‘অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে আমরা ওপেক প্লাসের বেঁধে দেয়া কোটার প্রায় কাছাকাছি পৌঁছেছি। তবে পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি।’
এসঅ্যান্ডপি গ্লোবালের প্লাটস জরিপ অনুসারে, জুনে রাশিয়া দৈনিক ৯১ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে। এ সময় ওপেক প্লাস দেশটিকে দৈনিক ৮৯ লাখ ৭৮ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলনের কোটা বেঁধে দিয়েছিল।
চলতি বছরের প্রথমার্ধে ওপেক প্লাসের বেঁধে দেয়া কোটার বিপরীতে উত্তোলনের জন্য ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। তবে এ ক্ষতিপূরণের প্রক্রিয়ার বিষয়ে দেশটি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।










