পূর্বাভাসের চেয়ে বেশি নিট মুনাফা করেছে সনি। গেম, মিউজিক ও ফিল্ম খাতে চাঙ্গা বিক্রিতে গত অর্থবছরে আয় ১১ দশমিক ৫ ট্রিলিয়ন ইয়েন বা ৮ হাজার ৮০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। জাপানি কনগ্লোমারেটটির জন্য এটা আয়ের দিক থেকে নতুন রেকর্ড। কারণ তা গত অর্থবছরে ৯ দশমিক ৯ ট্রিলিয়ন ইয়েন বা ৭ হাজার ৩০০ কোটি ডলারের রেকর্ড ভেঙে দিয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

মার্চে কোম্পানির নিট মুনাফা ছিল ৯৩ হাজার ৭১০ কোটি ইয়েন, যা গত বছরওয়ারি ৬ দশমিক ২ শতাংশ বৃদ্ধি। নিট মুনাফা বেশি ছিল প্রাক্কলিত অংকের চেয়েও। প্রাক্কলিত নিট মুনাফা ছিল ৮৭ হাজার কোটি ডলার। চলতি অর্থবছর শুরু হয়েছে এপ্রিল থেকে। শুল্ক ও ব্যবহারিক সীমাবদ্ধতার কারণে সনি এ বছরের নিট মুনাফার প্রাক্কলন ধরেছে ৮৪ হাজার কোটি ইয়েন।

 তবে বার্ষিক বিক্রি ১১ দশমিক ৫ ট্রিলিয়ন ইয়েনে রাখার প্রচেষ্টা থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

টয়ো সিকিউরিটিজের জ্যেষ্ঠ বিশ্লেষক হিদেকি ইয়াসুদা বলেন, ‘‌২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধ সনির জন্য কঠিন সময় হয়ে থাকতে পারে। পিসি ও প্রযুক্তিসংক্রান্ত যন্ত্রপাতি সরবরাহের পরিমাণ বছরের প্রথম প্রান্তিকে কম ছিল। তার কারণ ছিল আন্তর্জাতিক পরিসরে অর্থনৈতিক অস্থিতিশীলতা। এর প্রভাব দ্বিতীয় প্রান্তিকেও টিকে থাকা অসম্ভব না। তবে ইসুদা নিশ্চিত করেছেন, নতুন প্রেসিডেন্ট হিরোকি টটোকির তত্ত্বাবধানে কোম্পানিতে বড় কোনো পরিবর্তন আনা হবে না।’