পাইলটদের বেতন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনস। সম্প্রতি পাইলটদের সঙ্গে শ্রম চুক্তিতে পৌঁছেছে কোম্পানিটি। গত বছর কম মজুরি নিয়ে পাইলট সংগঠনের আপত্তির মুখে চুক্তি প্রত্যাখ্যাত হয়েছিল। খবর রয়টার্স।

ক্রমান্বয়ে ১৪ দশমিক ৫ শতাংশ মজুরি, ওভারটাইম ও প্রশিক্ষণ ভাতা বাড়ানোর প্রস্তাব গত বছর প্রত্যাখ্যান করেছিলেন ইউনাইটেডের পাইলটরা। এ বছর মজুরি বাড়ানোয় চার বছরের জন্য চুক্তিবদ্ধ হতে রাজি হয়েছেন পাইলটরা।

এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (এএলপিএ) জানিয়েছে, নতুন চুক্তির আওতায় ক্রমবর্ধমান হারে ৩৪ দশমিক ৫ থেকে ৪০ দশমিক ২ শতাংশ পর্যন্ত পাইলটদের বেতন বাড়ানো হবে। কষাকষির ইতিবাচক ফল পেয়েছে পাইলটের ছোট এ গ্রুপ। উচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও মানুষ ভ্রমণ ব্যয় অব্যাহত রেখেছে। ফলে একদিকে যাত্রী সংখ্যা বাড়ছে, অন্যদিকে উড়োজাহাজ শিল্পে হাজার হাজার পাইলট সংকট দেখা দিয়েছে।

শিকাগোভিত্তিক ক্যারিয়ারটিতে প্রায় ১৪ হাজার পাইলট রয়েছেন, যারা সবাই এএলপিএর সদস্য। সংগঠনটি বলছে, তারা ইউনাইটেড ম্যানেজমেন্টের সঙ্গে নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছে, যাতে উন্নত জীবনযাত্রার মান, ক্ষতিপূরণের পরিমাণ, ছুটি ও অন্যান্য সুবিধা বাড়ানোর বিষয়ে অগ্রগতি হয়েছে।

ইউনাইটেড এয়ারলাইনসের সিইও স্কট কির্বি বলেছেন, ‘আমরা এএলপিএর সঙ্গে চুক্তিতে পৌঁছতে পেরে সন্তুষ্ট।’ চার বছরের চুক্তিটি অনুমোদন হলে আমাদের পাইলটদের বেতন ও জীবনমান অর্থপূর্ণভাবে বাড়বে। পাশাপাশি ইউনাইটেডের আগামীর কৌশল অনুযায়ী ট্র্যাকে থাকা আমাদের উড়োজাহজগুলোও সম্ভাবনাময় হয়ে উঠবে।

পাইলটদের সঙ্গে ডেল্টা এয়ারলাইনসের নতুন চুক্তিতে যাওয়ার কয়েক মাস পর ইউনাইটেড এ চুক্তির ঘোষণা দিল। ৭০০ কোটি ডলারের চার বছর মেয়াদি চুক্তির আওতায় ডেল্টা তার পাইলটদের বেতন ও অন্যান্য সুবিধার পরিমাণ ক্রমবর্ধমান হারে বাড়াবে।

খাতসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ডেল্টার এ নতুন চুক্তি উত্তর আমেরিকায় চুক্তি আলোচনার টেবিলে একটি নতুন মানদণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। ডেল্টার প্রতিদ্বন্দ্বী আমেরিকান এয়ারলাইনসও মে মাসে এ ধরনের শ্রম চুক্তি করেছে।

প্রত্যাশা করা হচ্ছে, এ বছর ইউনাইটেড, ডেল্টা, আমেরিকান এয়ারলাইনস ও সাউথওয়েস্ট এয়ারলাইনস প্রায় আট হাজার পাইলট নিয়োগ দেবে। তবে জেফারিজের বিশ্লেষকদের ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০ হাজার পাইলটের ঘাটতি রয়েছে। এ সরবরাহ-চাহিদা ঘাটতি ২০২৭ সাল পর্যন্ত বিরাজ করার সম্ভাবনা রয়েছে।