জাপানের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা মোটরের মোট মুনাফা কমেছে। মার্চে শেষ হওয়া ২০২২-২৩ অর্থবছরে তাদের নিট মুনাফা হয়েছে ৬৯ হাজার ৫২৭ কোটি ইয়েন বা ৫২০ কোটি ডলার। গত অর্থবছরের তুলনায় যা কমেছে ১ দশমিক ৭ শতাংশ। খবর কিয়োদো এজেন্সি।

গত অর্থবছরে চীন ও যুক্তরাষ্ট্রের মতো দুই বৃহৎ বাজারে গাড়ি বিক্রি কমেছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির মোট মুনাফায়।

চলতি অর্থবছর নিয়ে অবশ্য বেশ আশাবাদী জাপানি গাড়ি নির্মাতা কোম্পানিটি। আগামী মার্চে শেষ হওয়া অর্থবছরে নিট মুনাফা ১৫ দশমিক ১ শতাংশ বেড়ে ৮০ হাজার কোটি ইয়েনে দাঁড়াতে পারে।

গাড়ি বিক্রির প্রধান বাজার চীন। দেশটিতে কর সংকোচন নীতির মেয়াদ শেষ হওয়ার প্রভাব পড়েছে গাড়ি ব্যবসায়। ২০২২-২৩ অর্থবছরে গত অর্থবছরের তুলনায় চীনের বাজারে গাড়ি বিক্রির পরিমাণ প্রায় ২০ শতাংশ কমেছে। আর যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ি বিক্রির পরিমাণ কমেছে ২৮ শতাংশ।

করোনা মহামারীর কারণে চীনে দীর্ঘদিন লকডাউন ছিল। পাশাপশি সেমিকন্ডাক্টর সরবরাহে ঘাটতি ছিল। এ দুটি কারণেও ২০২২-২৩ অর্থবছরে হোন্ডার মোট মুনাফা কমেছে। তাছাড়া গাড়ি তৈরির উপকরণের উচ্চমূল্য ও বৈশ্বিক মূল্যস্ফীতিকেও এক্ষেত্রে দায়ী করেছে হোন্ডা মোটর।

২০২২-২৩ অর্থবছরে হোন্ডা মোটরের পরিচালন মুনাফা আগের অর্থবছরের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ কমে ৮৩ হাজার ৯৪০ কোটি ইয়েনে নেমে এসেছে। তবে গাড়ি বিক্রির পরিমাণ আগের অর্থবছরের তুলনায় ১৬ দশমিক ২ শতাংশ বেড়ে ১৬ লাখ ৯১ হাজার কোটি ইয়েনে উন্নীত হয়েছে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হোন্ডার মোটরসাইকেল।

২০২৩-২৪ অর্থবছরে মোট ৪৩ লাখ ৫০ হাজার গাড়ি বিক্রির আশা করছে হোন্ডা মোটর। ২০২২-২৩ অর্থবছরে প্রতিষ্ঠানটি ৩৬ লাখ ৯০ হাজার গাড়ি বিক্রি করেছিল। ২০২৩-২৪ অর্থবছরে ১ লাখ কোটি অপারেটিং প্রফিট অর্জনের পূর্বাভাস দিয়েছে হোন্ডা মোটর। একটি অনলাইন প্রেস ব্রিফিংয়ে হোন্ডা মোটরের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট শিনজি আয়োইয়ামা বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরের প্রথম থেকে দ্বিতীয়ার্ধের মধ্যে সেমিকন্ডাক্টরের সরবরাহ বাড়বে বলে আশা করা যাচ্ছে। আর ২০২৪-২৫ অর্থবছর কিংবা তার পরের অর্থবছরে এ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।’

বর্তমানে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতা বেড়েছে। সে প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের ইভি ব্যবসাকে দ্রুত বাড়াচ্ছে হোন্ডা মোটর। এ লক্ষ্যে ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান জিএস ইউয়াসা ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে হোন্ডা মোটর। লিথিয়াম-আয়ন ব্যাটারি ও ব্যাটারি উৎপাদন পদ্ধতি নিয়ে গবেষণা করতে এ দুটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। জাপানের পশ্চিমাঞ্চলের কিয়োটো শহরে যৌথ প্রতিষ্ঠানটি স্থাপিত হবে।