সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিয়েছেন মো. খালিদ মাহমুদ খান। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিনি যোগদান করেন।
এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসারের দায়িত্ব পালন করেছেন। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হোলসেল ব্যাংকিং ডিভিশন-২ এর প্রধানের দায়িত্ব পালন করেন। এমটিবিতে তার ২৬ বছরের কর্মজীবনে তিনি এমটিবির প্রিন্সিপাল, দিলকুশা ও পান্থপথ এ তিনটি শাখায়, শাখার ম্যানেজার হিসেবে ১৩ বছর দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪ সালে অগ্রণী ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
মো. খালিদ মাহমুদ খান কর্পোরেট, স্থানীয় করপোরেট, আর্থিক প্রতিষ্ঠান, লেন্ডিং, রিকভারি, ইন্টারন্যাশনাল ট্রেড, ফরেন এক্সচেঞ্জ, জেনারেল ব্যাংকিং, এসএমই, রিটেইল এবং রিলেশনশিপ ম্যানেজমেন্টে ৩১ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন। এ ছাড়াও ঋণ ব্যবস্থাপনা, পুনরুদ্ধার, আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা ও জেনারেল ব্যাংকিংয়ে রয়েছে তার বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা।
তিনি বহু দেশীয়, আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।










