সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে পুঁজিবাজারে তালিকভুক্ত ফার্মা এইডসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৫ পয়সা। আগের হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১১ টাকা ১৪ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯১ টাকা ২৮ পয়সা। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট ৭ ডিসেম্বর। 

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ফার্মা এইডসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫ কোটি ৩ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৬ টাকা ১১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ৯৮ টাকা ৮৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৯৩ টাকা ২৬ পয়সা। 

সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরেও ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ফার্মা এইডস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫ কোটি ৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫ কোটি ২৪ লাখ টাকা। ২০১৯-২০, ২০১৮-১৯ ও ২০১৭-১৮ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৭৯০ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৭৯০ টাকা ৭০ ও ৮১৬ টাকা ৯০ পয়সা।