দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দ্য সিটি ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের লেনদেন ২০ জুন শুরু হবে। ডিএসইতে এ বন্ডের ট্রেডিং কোড হবে ‘সিবিএলপিবন্ড’ ও কোম্পানি কোড ‘২৬০১১’। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২০ সালের ২৩ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭২৯তম সভায় এ বন্ডের অনুমোদন দেয়। এর আগে বাংলাদেশ ব্যাংক এ প্রস্তাবে অনুমোদন দেয়।

সিটি ব্যাংকের বন্ডটির বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, এটি নন-কনভার্টিবল (অর্থাৎ শেয়ারে রূপান্তরযোগ্য নয়), আনসিকিউরড (অর্থাৎ এর বিপরীতে কোনো জামানত রাখা নেই), ফ্লোটিং রেটবিশিষ্ট পারপেচুয়াল বন্ড। এর কুপন রেট হতে পারে ১১-১৪ শতাংশ।

বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১ লাখ টাকা। সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, সমবায় সমিতি, সংগঠন, ট্রাস্টসহ যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হয়েছে। বন্ড বিক্রির মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংকটি অ্যাডিশনাল টিয়ার-ওয়ান মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

এ বন্ডের লিড অ্যারেঞ্জারের দায়িত্বে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও বাকি সাড়ে ১২ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ৪ টাকা ৯ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির ইপিএস বেড়েছে ১ টাকা ৬ পয়সা বা ২৫ দশমিক ৯২ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৬৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৭ টাকা ৬৫ পয়সা।

এদিকে চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সিটি ব্যাংকের সমন্বিত পরিচালন আয় হয়েছে ৬০৬ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৫৭২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির আয় বেড়েছে ৩৪ কোটি ৩৯ লাখ টাকা। এ সময়ে ব্যাংকটির পরিচালন ব্যয় বেড়েছে সাড়ে ৯ শতাংশ। আগের হিসাব বছরের প্রথম প্রান্তিকে যেখানে ব্যাংকটির পরিচালন ব্যয় ছিল ২৮২ কোটি টাকা। সেখানে এ প্রান্তিকে পরিচালন ব্যয় হয়েছে ৩০৯ কোটি টাকা। পরিচালন ব্যয় বৃদ্ধির পাশাপাশি প্রভিশন ও কর বাবদ ব্যাংকের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। যার কারণে আয় বাড়লেও সিটি ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা কমেছে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৮৮ কোটি ৩২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল প্রায় ১০৪ কোটি টাকা।