ইউরোপের দেশ হাঙ্গেরিতে বেকারত্বের হার বেড়েছে। ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে এটি ক্রমবর্ধমান হারে বাড়ছে। এর পেছনের মূল কারণ কভিড মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট। খবর ইউরো নিউজ।

নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত হাঙ্গেরির বেকারত্বের হার বেড়ে ৪ দশমিক ৬ শতাংশ ছিল, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ শতাংশ। সম্প্রতি হাঙ্গেরির কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস প্রকাশিত তথ্যানুসারে, দেশটিতে ১৫-৭৪ বছর বয়সী কর্মহীন লোকের সংখ্যা ৩০ হাজার বেড়ে ২ লাখ ২৬ হাজারে পৌঁছেছে। কার্যালয় জানায়, হাঙ্গেরির মোট বেকার লোকের মধ্যে ১ লাখ ২১ হাজার ৫০০ জন পুরুষ। পুরুষদের বেকারত্বের হার বেড়ে ৪ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে নারী বেকারের সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৩০০ জন। নারীদের বেকারত্বের হার ৪ দশমিক ৫ শতাংশ। এরই মধ্যে কর্মক্ষেত্রে লোকের সংখ্যা ১৩ হাজার বেড়েছে। ফলে হাঙ্গেরির বিশাল কর্মসংস্থান ৪৭ লাখে পৌঁছেছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশের অভ্যন্তরে প্রাথমিক শ্রম বাজারে ৪৬ লাখ মানুষকে নিয়োগ দিয়েছে, এ সংখ্যা এক বছর আগের তুলনায় ১৭ হাজার বেশি।

বিদেশে কর্মরত লোকের সংখ্যা মূলত এক লাখ পাঁচ হাজার, তা অপরিবির্তত আছে। অন্যদিকে সরকারি কর্মীদের সংখ্যা আট হাজার কমে ৬৩ হাজারে পৌঁছেছে। কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় আরো জানায়, চাকরি খুঁজতে গড় সময় ব্যয় করা হয়েছে নয় মাসের বেশি এবং বেকারদের ৪৩ শতাংশ কমপক্ষে এক বছর ধরে চাকরি খুঁজছিল।