গত বছরের চেয়ে এ বছরের প্রথম দুই মাসেই চীনে অপরিশোধিত ইস্পাতের উৎপাদন বেড়েছে। শিল্প ও নির্মাণ খাতে চাহিদা বাড়বে, এমন ধারণা থেকে উৎপাদন বাড়িয়েছিল কারখানাগুলো।
জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীন ১৭৪ দশমিক ৯৯ মিলিয়ন টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে দেশটি। গতকাল ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (এনবিএস) এ তথ্য জানিয়েছে। গড়ে প্রতিদিন উৎপাদনের পরিমাণ ২ দশমিক ৯৭ টন। গত ডিসেম্বরে তা ছিল ২ দশমিক ৯৪ টন। খবর রয়টার্স।
দেশের সবচেয়ে বড় ইস্পাত বাজারটি আশা করছে, নির্মাণ খাত ও শিল্প কারখানার ক্রমবর্ধমান ইস্পাতের চাহিদা তারা পূরণ করতে পারবে। এমনিতেও বিশ্বে সবচেয়ে বেশি ইস্পাত উৎপাদন হয় চীনে। বিশ্বের গোটা ইস্পাত বাজারের অর্ধেকই চীনের দখলে।
এনবিএস এক বিবৃতিতে জানিয়েছে, গত দুই মাসে দেশের অবকাঠামোগত প্রকল্প ও আবাসন খাতে বিনিয়োগ বেড়েছে। এমনকি করোনা মহামারীর আক্রমণের পরও শিল্প খাতে বিনিয়োগ বেড়েছে।
তবে চীন সরকার পরিবেশ দূষণ কমাতে ইস্পাত উৎপাদনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। কার্বন নিঃসরণ কমাতেই সরকারের এ উদ্যোগ।
ইস্পাত তৈরি কারখানার সবচেয়ে বড় শহর তাংশান জানিয়েছে, অন্তত ৫০ শতাংশ কার্বন নিঃসরণ কমাবে তারা। যেসব কারখানা আইন মানবে না, তাদের জরিমানা করা হবে। কারণ এর আগে দেশটির পরিবেশ মন্ত্রণালয় তাংশানের চারটি কারখানা অতিরিক্ত কার্বন নিঃসরণ করছে বলে জানিয়েছিল।










