বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল ভোক্তা ও আমদানিকারক দেশ চীন। গত বছর করোনার প্রভাব কাটিয়ে দেশটি অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিমাণ বাড়ায়। পণ্যটির দাম বাড়ায় চলতি বছরের এপ্রিলে আমদানি কমে গেছে। তবে আমদানি কমলেও রশিয়াকে হটিয়ে টানা আট মাস দেশটির শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহকারীর তকমা ধরে রেখেছে সৌদি আরব। খবর অয়েলপ্রাইসডটকম ও আরবনিউজ।
চীন সরকার কর্তৃক প্রকাশিত এক নথিতে বলা হয়, ২০২০ সালে চীন সৌদি আরব থেকে সবচেয়ে বেশি পরিমাণ তেল কিনেছে। এর মধ্য দিয়ে দেশটি রাশিয়াকে পেছনে ফেলে চীনে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহকারী দেশগুলোর তালিকায় শীর্ষে উঠে আসে। তবে চলতি বছরের এপ্রিলের হিসাবে চীনের অপরিশোধিত জ্বালানি পণ্যটির আমদানি কমে গেছে। এ ধারাবাহিকতায় সৌদি আরব থেকেও জ্বালানি তেল ক্রয়ের পরিমাণ কমিয়ে দিয়েছে চীন। গত বছরের ডিসেম্বরের পর এপ্রিলে সৌদি আরব থেকে সর্বনিম্ন পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে দেশটি। তবে আমদানি কমালেও গত মাসে সৌদি আরব থেকেই সবচেয়ে বেশি জ্বালানি তেল কিনেছে চীন।
চাইনিজ কাস্টমসের তথ্য অনুযায়ী, সৌদি আরব এপ্রিলে দৈনিক ১৫ লাখ ৭০ হাজার ব্যারেল জ্বালানি তেল চীনে সরবরাহ করেছে, যা গত বছরের অক্টোবরের চেয়ে সর্বনিম্ন। সরবরাহকারী দেশের তালিকায় দ্বিতীয় শীর্ষস্থানে থাকা রাশিয়া গত মাসে সরবরাহ করেছে দৈনিক ১৫ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল। যুক্তরাষ্ট্র থেকে আমদানিও কমিয়ে দিয়েছে চীন।
এদিকে আমদানির পরিমাণ কমায় প্রধান প্রধান সরবরাহকারী দেশ জাহাজীকরণের পরিমাণ কমিয়ে এনেছে। জাহাজীকরণ দশমিক ২ শতাংশ কমেছে।
গত মাসে চীনের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি গত বছরের ডিসেম্বরের পর থেকে সর্বনিম্নে নেমে গেছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ৯৮ লাখ ২০ হাজার ব্যারেলে। জ্বালানি পণ্যটির দাম বেড়ে যাওয়া ও পরিশোধন খাত রক্ষণাবেক্ষণ মৌসুম শুরু হওয়ায় আমদানি কমানো হয়েছে।
চীনে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা গত বছর করোনা মহামারীর মধ্যেও ছিল তুঙ্গে। ওই বছর চীনে জ্বালানি পণ্যটি আমদানির পরিমাণ ৭ দশমিক ৩ শতাংশ বেড়ে গিয়েছিল, যা রেকর্ড সর্বোচ্চ। ২০২০ সালে চীন মোট ৫৪ কোটি ২৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে।
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব চাইনিজ কাস্টমসের দেয়া তথ্য অনুযায়ী, রাশিয়া গত বছর চীনে জ্বালানি তেল সরবরাহে সৌদি আরবের কাছে শীর্ষ তকমা হারায়। সরবরাহের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকা রাশিয়া গত বছর ৮ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টন জ্বালানি তেল চীনে সরবরাহের জন্য জাহাজীকরণ করেছিল। গত বছর দেশটির জাহাজীকরণের পরিমাণ আগের বছরের তুলনায় ৭ দশমিক ৬ শতাংশ বাড়ে।
এদিকে ২০২০ সালে যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি আগের বছরের তুলনায় তিন গুণ বাড়ায় চীন। দেশটি থেকে তেল আমদানির পরিমাণ বেড়ে ১৯ কোটি ৭৬ লাখ টনে পৌঁছে। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার একটি বাণিজ্য চুক্তির আওতায় চীনের ব্যবসায়ীরা অপরিশোধিত তেল কেনায় সরবরাহে এমন ঊর্ধ্বগতি দেখা দেয়।
এদিকে যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা ইরান ও ভেনিজুয়েলার জ্বালানি তেল রফতানি খাতকে পঙ্গু করে দিয়েছে। এতে লাভবান হয়েছে ইরাক। দেশটি গত বছর চীনে জ্বালানি তেল রফতানি আগের বছরের তুলনায় ১৬ দশমিক ১ শতাংশ বাড়িয়েছে। এর মাধ্যমে দেশটি চীনে জ্বালানি তেল সরবরাহকারী দেশগুলোর শীর্ষ তৃতীয় স্থানে উঠে এসেছে। এক্ষেত্রে ব্রাজিল চীনে জ্বালানি তেল রফতানিকারক দেশের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে।










