ভুট্টা রফতানিতে অতীতের সব রেকর্ড ভেঙেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে চীনে প্রচুর পরিমাণ ভুট্টা রফতানির ফলে রফতানিতে এ প্রবৃদ্ধি এসেছে। ফলে আগামী ছয় মাস রফতানিকারকরা বেশ ব্যস্ত সময় পার করবেন বলে ধারণা করা হচ্ছে। খবর মেরিটাইম লজিস্টিকস প্রফেশনালস।

সাধারণত বছরের দ্বিতীয়ার্ধে ভুট্টা রফতানি মৌসুম থাকে। মার্কিন বাজারে বছরের প্রথমার্ধে সয়াবিন রফতানি বেশি হয়। চলতি বছর ভুট্টার পাশাপাশি সয়াবিন রফতানিতেও বেশ সাফল্য দেখিয়েছে যুক্তরাষ্ট্র।

২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধেই চলতি বছর লক্ষ্যমাত্রার ৪২ শতাংশ ভুট্টা রফতানি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন ক্যানসাস ব্যুরো কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা যায়, জানুয়ারিতে ৫ দশমিক ৮ মিলিয়ন টন ভুট্টা রফতানি করা হয়েছে। ফেব্রুয়ারিতে তা ছয় মিলিয়ন টনে পৌঁছতে পারে বলে ধারণা করছে ক্যানসাস ব্যুরো।

মার্কিন কৃষি দপ্তর ধারণা করছে, মার্চ ও আগস্টে আরো অন্তত ৩৮ মিলিয়ন টন ভুট্টা রফতানির জন্য শিপমেন্ট করতে হবে।

মার্কিন কৃষি দপ্তরের সাপ্তাহিক রফতানি রিপোর্ট অনুযায়ী, সাপ্তাহিক ভুট্টা রফতানির পরিমাণ ছিল ২ দশমিক শূন্য ১ টন।