ডেট্রয়েটের তিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউনাইটেড অটো ওয়ার্কার্স (ইউএডব্লিউ) ধর্মঘটের প্রায় তিনদিন অতিবাহিত হয়েছে। এখনো কোনো সমাধানের সম্ভাবনা দেখা যায়নি। এ ধর্মঘট যদি আরো দীর্ঘ হয়, তাহলে এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে প্রভাবিত করবে। খবর রয়টার্স।
যে তিনটি অটোমেকার কারখানার বিরুদ্ধে শ্রমিকরা অবস্থান নিয়েছে সেগুলো হলো ফোর্ড, জেনারেল মোটরস (জিএম) ও স্টেলান্টিস। এটিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় মার্কিন শিল্প শ্রমিক তৎপরতা হিসেবে দেখা হচ্ছে। এ ধর্মঘটে প্রায় ১৩ হাজার কর্মী অংশ নিয়েছে। এ ধর্মঘট এরই মধ্যে যানবাহনের উৎপাদন ও বিতরণকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
ইউনিয়ন জানায়, তারা চার বছরে প্রায় ১ লাখ ৪০ হাজার সদস্যদের জন্য ৩৬ শতাংশ বেতন বাড়ানোর দাবি তুলেছে। অন্যদিকে প্রতিষ্ঠানগুলো শ্রমিকদরে মজুরি ১৭ দশমিক ৫ শতাংশ থেকে ২০ শতাংশ বাড়ানোর জন্য রাজি হয়েছে । এছাড়া তারা পেনশন সুবিধার ও কর্মদিবস কম করার জন্য দাবি তুলেছে ।
অ্যান্ডারসন ইকোনমিক গ্রুপ পরামর্শক সংস্থার আগস্টের একটি প্রতিবেদনে দেখানো হয়েছে, তিনটি গাড়ি নির্মাতার বিরুদ্ধে ১০ দিনের ধর্মঘটের কারণে ৫৬০ কোটি ডলার অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এ ক্ষতির মধ্যে রয়েছে মজুরি ক্ষতি, উৎপাদন ক্ষতি ও অর্থনৈতিক ক্ষতি।
ইউএডব্লিউ সর্বশেষ ২০১৯ সালে ধর্মঘট করেছিল। সে সময়ের ছয় সপ্তাহ স্থায়ী হয়েছিল এবং ৫০টির বেশি প্লান্টে ৪৮ হাজার কর্মী অংশ নিয়েছিল। তবে এ ধর্মঘটে আরো বেশি কর্মী, গাড়ি প্রস্তুতকারক ও প্লান্ট জড়িত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জিএম ও ফোর্ড ২০ শতাংশ এবং স্টেলান্টিস ১৭ দশমিক ৫ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। যদি এ ধর্মঘট দীর্ঘদিন ধরে চলে, তাহলে ডিলারদের গাড়ি সংকট হতে পারে।










