চলতি বছর রাশিয়ায় প্রাকৃতিক গ্যাস উত্তোলন আগের বছরের তুলনায় ৪ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সাম্প্রতিক গ্যাস মার্কেট রিপোর্ট থেকে এ পূর্বাভাস মিলেছে। 

প্যারিসভিত্তিক সংস্থাটি জানায়, ২০২৩ সালে রাশিয়া ৬৪ হাজার কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে, ২০২২ সালের তুলনায় যা ৫ শতাংশ কম। তবে চলতি বছর উত্তোলন ৬৬ হাজার ৪০০ কোটি ঘনফুটে উন্নীত হতে পারে। দেশটিতে গ্যাসের ব্যবহারও আগের বছরের তুলনায় ২ শতাংশ বাড়ার সম্ভাবনা দেখছে সংস্থাটি। ব্যবহারের পরিমাণ দাঁড়াতে পারে ৫০ হাজার ৩০০ কোটি ঘনফুটে। আইইএ মনে করছে, চলতি বছর উত্তোলন বাড়লেও গ্যাস রফতানি গত বছরের মতোই প্রায় অপরিবর্তিত থাকবে। 

একসময় গ্যাস রফতানিতে রাশিয়ার সবচেয়ে বড় বাজার ছিল ইউরোপ। কিন্তু ইউক্রেন যুদ্ধের পর থেকে এ অঞ্চলের দেশগুলো রাশিয়ার ওপর থেকে গ্যাস আমদানিনির্ভরতা কমাচ্ছে। ফলে সেখানে গ্যাসের বাজার হারাচ্ছে রাশিয়া। বিকল্প হিসেবে দেশটি এশিয়ার বাজারে বিক্রি বাড়াচ্ছে। বিশেষ করে যুদ্ধের পর থেকে চীন ও ভারত দেশটির জ্বালানি পণ্যের বড় ক্রেতায় পরিণত হয়েছে। এসব দেশে রফতানি বাড়ার কারণেই উত্তোলন বাড়াচ্ছে দেশটি।