শিগগিরই আরো নয় হাজার কর্মী
ছাঁটাই করবে অনলাইন বিক্রেতা জায়ান্ট অ্যামাজন। প্রতিষ্ঠানের সিইও অ্যান্ডি জেসি
সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাতিষ্ঠানিক
ব্যয় কমাতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। অ্যামাজন ওয়েব সার্ভিস (এডব্লিউএস), বিজ্ঞাপন ও সম্প্রচার বিভাগ টুইচ থেকে এ ছাঁটাই করা হতে পারে। খবর বিবিসি
ও সিবিএস নিউজ।
বিশ্বব্যাপী প্রায় ১৫ লাখ
কর্মী রয়েছে অ্যামাজনের। নতুন ঘোষিত এ ছাঁটাইয়ে কোন দেশগুলোর কর্মীদের ওপর প্রভাব
পড়বে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির
সিইও অ্যান্ডি জেসি এক লিখিত বিবৃতিতে কর্মীদেরকে বলেন, ‘গত সপ্তাহে আমরা আমাদের পরিচালন পরিকল্পনার দ্বিতীয় ধাপ শেষ করেছি। আমি
আপনাদের জানাতে চাই, আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরো
প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছি। মূলত এডব্লিউএস, পিএক্সটি,
অ্যাডভারটাইজিং এবং টুইচ থেকে এসব ছাঁটাই করা হবে। এটা একটা কঠিন
সিদ্ধান্ত। কিন্তু আমরা মনে করি, এটা দীর্ঘমেয়াদে কোম্পানির
জন্য সবচেয়ে ভালো।’
অনেক প্রযুক্তি জায়ান্টের
মতো মহামারী চলাকালীন সময়ে অ্যামাজনেরও বিক্রি উল্লেখযোগ্য বেড়েছিল। কিন্তু
সাম্প্রতিক সময়ে সেই চিত্র এখন উল্টো। জীবনযাত্রার ব্যয় সংকটের কারণে ব্যক্তি
পর্যায়ের কেনাকাটা কমেছে। এর ব্যাপক প্রভাব পড়েছে অ্যামাজনের বিক্রিতে। এর আগে
চলতি বছরের জানুয়ারিতে ১৮ হাজার কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। বিবৃতিতে
অ্যান্ডি জেসি জানিয়েছেন, সর্বশেষ ছাঁটাইয়ে অ্যামাজনের ক্লাউড
কম্পিউটিং, মানব সম্পদ, বিজ্ঞাপন এবং
টুইচ লাইভস্ট্রিমিং বিভাগকে প্রভাবিত করবে।










