কেনিয়ার নিলামে প্রতি কেজি চায়ের গড় দাম ২ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। মোম্বাসায় অনুষ্ঠিত সর্বশেষ নিলামে পানীয় পণ্যটির গড় দাম বেড়ে কেজিপ্রতি ১ ডলার ৯৩ সেন্টে বা ২১০ দশমিক ১৮ কেনিয়ান শিলিংয়ে উন্নীত হয়েছে। একই সঙ্গে কেনিয়ার সাপ্তাহিক নিলামে চায়ের বেচাকেনায়ও প্রবৃদ্ধির দেখা মিলেছে। ইস্ট আফ্রিকান টি ট্রেড অ্যাসোসিয়েশনের (ইএটিটিএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর দ্য স্টার।
ইএটিটিএর প্রতিবেদনে বলা হয়েছে, আগের সপ্তাহে প্রতি কেজি চায়ের গড় দাম ছিল ১ ডলার ৯১ সেন্ট বা ২০৮ কেনিয়ান শিলিং। তার আগের সপ্তাহে পানীয় পণ্যটি কেজিপ্রতি গড়ে ১ ডলার ৮৮ সেন্টে বিক্রি হয়েছিল। প্রবৃদ্ধির ধারাবাহিকতায় সর্বশেষ সপ্তাহে পানীয় পণ্যটির গড় দাম কেজিপ্রতি ১ ডলার ৯৩ সেন্টে উঠেছে।
পাকিস্তান, কাজাখস্তান, যুক্তরাজ্য ও সিআইএসভুক্ত দেশগুলোয় কেনিয়া থেকে রফতানি হওয়া চায়ের চাহিদা আগের তুলনায় বেড়েছে। এর প্রভাব পড়েছে পানীয় পণ্যটির দামে। টানা কয়েকটি সাপ্তাহিক নিলামে চায়ের দাম বাড়তির পথে রয়েছে।
মূল্যবৃদ্ধির পাশাপাশি কেনিয়ার নিলামে চায়ের বেচাকেনায়ও প্রবৃদ্ধি বজায় রয়েছে। ইএটিটিএর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের নিলামে সব মিলিয়ে ৮৪ লাখ কেজি চা বিক্রি হয়েছে। আগের নিলামে মোট ৭৯ লাখ কেজি চা বিক্রি হয়েছিল।










