পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেড ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পর্ষদ সভায় ‘এবি ব্যাংক সাব-অর্ডিনেটেড বন্ডস-ভি’ নামে এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে বন্ডটি ইস্যু করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এবি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১ পয়সা। সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৬ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৯ টাকা ৬৬ পয়সা।
সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে ২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস ৮৩ পয়সা ও সমন্বিত এনএভিপিএস ২৯ টাকা ৯২ পয়সা ছিল।










