মডেলটি অন্য একটি কোম্পানির সাইট ও ডিজিটাল সিস্টেম হ্যাক করে বলে দাবি করা হয়েছে। পরে নিয়ন্ত্রিত নিরাপত্তা যাচাইয়ের সময় অনুমতি ছাড়া অনুপ্রবেশ এবং তথ্য পরিবর্তন করে। এ ঘটনা বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ঝুঁকি ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। খবর রয়টার্স।
সম্প্রতি এক বিবৃতিতে মেটা এ ঘটনার সত্যতা স্বীকার করে। তারা জানায়, সাইবার নিরাপত্তা পরীক্ষার সময় তাদের একটি এআই মডেল অন্য একটি প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করে এবং ভেতরের ডিজিটাল পরিবেশ পরিবর্তন করে দেয়।
মূলত মেটার এআই মডেলের নিরাপত্তা মূল্যায়নের জন্য ইরেগুলার নামে একটি স্বাধীন সংস্থাকে দায়িত্ব দেয়া হয়েছিল। ইরেগুলার পরিচালিত এ পরীক্ষার সময় একটি কনফিগারেশন বা কারিগরি সেটিংসের ভুল হয়। এ ভুলের কারণে এআই মডেলটি দুর্ঘটনাবশত সরাসরি উন্মুক্ত ইন্টারনেটে যুক্ত হওয়ার সুযোগ পায়। ইন্টারনেটে যুক্ত হতেই এআইটি অন্য একটি প্রতিষ্ঠানের ওয়েব ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করে সেটিতে ঢুকে পড়ে।
আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দি ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনার সঙ্গে মেটার নতুন ‘মিউজ স্পার্ক ১.১’ মডেলটি যুক্ত ছিল। মেটা দাবি করে আসছিল, বাস্তব জীবনের জটিল কোডিং ও স্বয়ংক্রিয় কাজ সম্পাদনে এটি তাদের সবচেয়ে শক্তিশালী এআই। প্রতিবেদনটিতে বলা হয়, এআই মডেলটি একটি কোম্পানির গোপনীয় সিস্টেমে ঢুকে তাদের অভ্যন্তরীণ অবকাঠামো ও ফাইলের পরিবর্তন করতে সক্ষম।
সাম্প্রতিক সময়ে প্রতিযোগী প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের ক্ষেত্রেও একই ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। মেটা ও অ্যানথ্রোপিকের ক্ষেত্রে কারিগরি সেটিংসের ভুলে এআই উন্মুক্ত ইন্টারনেটে পৌঁছায়। তবে ওপেনএআইয়ের এআই এজেন্টটি সম্পূর্ণ স্বাধীনভাবে একটি নতুন নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগিয়ে ইন্টারনেটে প্রবেশ করেছিল।
ইরেগুলারের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ঘটনাটি কোনো জটিল সাইবার হামলা বা নিরাপদ পরিবেশ থেকে সংকেত এড়িয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনা নয়। অ্যানথ্রোপিকের মতো এখানেও মূল কারণ ছিল পরীক্ষামূলক পরিবেশের সেটআপজনিত ভুল। বর্তমানে কোনো উন্মুক্ত নিরাপত্তা ঝুঁকি নেই এবং ভবিষ্যতে নিরাপদে এআই পরীক্ষার বিষয়ে তারা একটি নির্দেশিকা তৈরি করছে।
পরপর কয়েকটি এআই মডেলের এমন আচরণে মার্কিন আইনপ্রণেতারা বেশ চিন্তিত। তারা আশঙ্কা করছেন, ভবিষ্যতে এসব শক্তিশালী এআই দিয়ে বড় ধরনের সাইবার হামলা চালানো সম্ভব হতে পারে।









