ইউরোপে চলতি বছর দ্বিতীয়বারের মতো ঘড়ির দাম বাড়িয়েছে রোলেক্স। ডলারের বিপরীতে মুদ্রার অবমূল্যায়নের কারণে এমন পদক্ষেপ নিয়েছে সুইস বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। ডেটোনা, সাবমেরিনা ও অয়েস্টার পারপেচুয়ালের নির্মাতা জানিয়েছে, মহাদেশটিতে প্রায় ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে সস্তা রোলেক্স ডেটোনা ক্রোনোগ্রাফ মডেলের বর্তমান দাম ১৪ হাজার ৬০০ ইউরো। গত জানুয়ারিতে এ ঘড়ির দাম ছিল ১৩ হাজার ৯০০ ইউরো। এর আগে ইউরোপজুড়ে রোলেক্স ঘড়ির দাম ৩ দশমিক ৫ শতাংশ বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে সংস্থাটির কিছু কিছু ঘড়ির দাম এখন ১০ শতাংশ বেশি ব্যয়বহুল। রোলেক্স হলো সবচেয়ে জনপ্রিয় সুইস বিলাসবহুল ঘড়ির ব্র্যান্ড। এ ঘড়ির বাজারের ২৯ শতাংশ নিয়ন্ত্রণ করে সংস্থাটি। রোলেক্স বছরে প্রায় ১০ লাখ ইউনিট ঘড়ি বিক্রি করে। অর্থের হিসাবে সংস্থাটির বার্ষিক বিক্রির পরিমাণ প্রায় ৮০০ কোটি সুইস ফ্রাঁ (৭৯০ কোটি ডলার)।