বিশ্বের অন্যতম বিলাসবহুল পণ্য নির্মাতা এলভিএমএইচ শক্তিশালী প্রবৃদ্ধির কথা জানিয়েছে। নানা ধরনের ভূরাজতৈক সংকট ও জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ার পরও টানা দ্বিতীয় বছরের মতো রাজস্ব ও মুনাফায় উল্লম্ফনের কথা জানিয়েছে এলভিএমএইচ। গত বছরের সবশেষ তিন মাসে এলভির বিক্রি বেড়েছে ৯ শতাংশ। 

কভিড-সংক্রান্ত লকডাউনের কারণে চীনের বাজারে বিক্রি বেশ ক্ষতিগ্রস্ত হয়। গত বছরের প্রথম নয় মাসে চীনের বিধিনিষেধের কারণে এশিয়ার বাজারে এলভিএমএইচের ২০ শতাংশ পতন হয়। কিন্তু ইউরোপ, যুক্তরাষ্ট্র ও জাপানে যে মুনাফা হয়েছে, তা চীনের ক্ষতিকে প্রশমিত করে। যেহেতু চীনে আবারো অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে তাই চীনসহ গোটা এশিয়ার বাজার নিয়ে পুনরায় আশাবাদী হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। 

এলভিএমএইচের আওতায় রয়েছে টিফানি, ক্রিস্টিয়ান ডিওর, সেফোরা ও হেনেসি অ্যান্ড মোয়েতের মতো ব্র্যান্ড। এর ডিজাইনার লেবেল লুই ভিঁতো সবচেয়ে ভালো ব্যবসা করেছে। প্রথমবারের মতো এ ব্র্যান্ডের ব্যবসা ২ হাজার ১৭০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। সম্প্রতি জাপানের সমসাময়িক শিল্পী ইয়াইয়ই কাসুমার সঙ্গে সমন্বিত উদ্যোগে নতুন ব্যাগ বাজারে এনেছে লুই ভিঁতো। যেখানে যুক্ত হয়েছে কাসুমার বিখ্যাত রঙিন পলকা ডট। 

এলভিএমএইচের ব্যবসায়ীর প্রবৃদ্ধি বিশ্লেষণ করে অর্থনীতিবিদরা বলছেন, এর অর্থ হলো ব্যক্তিগত পর্যায়ে বিলাসপণ্যের বিক্রি ভালো হচ্ছে। এমনকি যখন বিশ্ব মন্দার মুখে পৌঁছেছে, জীবনযাপনে পড়েছে মূল্যস্ফীতির প্রভাব, তখনো লুই ভিঁতোর মতো বিলাসপণ্যের বিক্রি বাড়ছে।