ইরাকের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সৌদি আরব। সৌদি আরবের জ্বালানি বিষয়ক উপমন্ত্রী মুহম্মদ আবদুল রহমান আল ইবরাহিম সম্প্রতি ইরাকের জ্বালানি তেল বিষয়ক মন্ত্রী হায়ান আবদুল গনির সঙ্গে বৈঠক করেন। সঙ্গে ছিল সৌদি অ্যারাবিয়ান অয়েল কোম্পানির ঊর্ধ্বতন ব্যক্তিরা। প্রতিষ্ঠানটি ইরাকের জ্বালানি তেল ও গ্যাসের মতো খাতগুলোয় বিনিয়োগের জন্য সেখানকার অঞ্চল ও পরিশোধন সুবিধা নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি। খবর আরব নিউজ।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ইরাকি জ্বালানি তেলমন্ত্রী সৌদি আরবের কোম্পানিগুলোকে ইরাকে বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিকভাবে অংশীদারত্ব ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবদুল গনি দাবি করেছেন, এ বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে। তার জন্য দুই পক্ষকেই সাধারণ মানুষের কল্যাণকে মাথায় রেখে কাজ করতে হবে।

চলতি মাসের শুরুর দিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরাকে বিনিয়োগ ও ব্যবসা বাড়ানোর জন্য ৬০০ কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দেয়। ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য ইরাকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠিত হবে। ইরাকের ফেডারেশন অব ইরাকি চেম্বার্স অব কমার্সের প্রেসিডেন্ট আবদুল রাজ্জাক আল জুহাইরি ঘোষণা করেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব প্রত্যেকেই ৩০০ কোটি ডলার করে বিনিয়োগ করতে সম্মত হয়েছে। প্রকল্পের অধীনে চার হাজার অ্যাপার্টমেন্ট ও আড়াই হাজার ভিলা তৈরি করা হবে।