আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. সাইফুল ইসলাম যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধ্যাপক ড. সাইফুল ইসলামকে চার বছরের জন্য এআইইউবির উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন। 

তিনি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মে পর্যন্ত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য ছিলেন। অধ্যাপক ড. সাইফুল ইসলাম ২০১৬ সালের জুন থেকে ২০২০ সালের জুন পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের আগস্ট থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক ইসলাম ১৯৭৫ সালে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৭ সালে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক ইসলাম ১৯৭৫ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক হিসেবে বুয়েটে তার কর্মজীবন শুরু করেন। ১৯৮৮ সালে বুয়েটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হন। 

অধ্যাপক সাইফুল ইসলাম ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) লাইফ ফেলো, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির লাইফ ফেলো, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিায়রিং অ্যান্ড টেকনোলজি (আইইটি), ইউকের ফেলো,  ইঞ্জিনিয়ারিং কাউন্সিল, ইউকের চার্টার্ড ইঞ্জিনিয়ার,  আইইইই এসআরএমআইইইইয়ের (ইউএসএ) সিনিয়র সদস্য। -বিজ্ঞপ্তি